চাঁদা আদায় নিয়ে দুই পক্ষে উত্তেজনা, গুলির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর বালুমহালে অবৈধ চাঁদা আদায় নিয়ে দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে। গতকাল শনিবার সকালে এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের চাঁদা আদায়ের জন্য স্থাপন করা ঘর লক্ষ্য করে গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা) আওয়ামী লীগের সাংসদ মোয়াজ্জেম হোসেনের লোকজন ফাজিলপুর বালুমহালে ১৫ এপ্রিল থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা আদায় করছে। এতে নেতৃত্ব দিচ্ছেন ধরমপাশা উপজেলার নবাবপুর গ্রামের পলাশ মিয়া নামের এক ব্যক্তি। উপজেলার বালিজুরী ইউনিয়নের রক্তি নদীর নোয়াহাটের সামনে নৌযান আটকে ৩০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এ জন্য একটি টিনের চালা দিয়ে একটি ঘর তৈরি করা হয়েছে নদীতীরে।এদিকে স্থানীয় যুবলীগের কর্মী আজাদ হোসেন দাবি করেছেন, টোল আদায়ের জন্য তিনি আদালতের রায় পেয়েছেন। এরপর গত বৃহস্পতিবার থেকে তিনি নিজের প্রতিষ্ঠান সেবা এন্টারপ্রাইজের নামে টোল আদায় শুরু করেছেন।আজাদ হোসেন অভিযোগ করেন, গতকাল শনিবার সকালে পলাশের পক্ষ নিয়ে স্থানীয় যুবলীগের কর্মী আবদুল হেকিম বন্দুক নিয়ে স্পিডবোটে করে এসে নদী থেকে সেবা এন্টারপ্রাইজের অফিস লক্ষ্য করে চারটি গুলি করেন। তবে এতে কেউ হতাহত হয়নি।এ ঘটনার পর তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খাঁন ও তাহিরপুর থানা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান ঘটনাস্থলে যান। ওসি জানে আলম বলেন, ‘গুলির কথা শুনে ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পাইনি।’এ ব্যাপারে কথা বলার জন্য সাংসদ মোয়াজ্জেম হোসেন ও পলাশ মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করে ফোন বন্ধ পাওয়া যায়।সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান জানান, মামলার কারণে সরকার ফাজিলপুর বালুমহালটি ইজারা দিতে পারছে না। তাই যারা খাস আদায়ের নামে ব্যবসায়ীদের কাছ থকে টাকা নিচ্ছে, তারা বেআইনি কাজ করছে।