চাঁদা আদায় নিয়ে দুই সমিতির বিরোধ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নামে বাস-ট্রাক থেকে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই চাঁদা আদায় ও বাসের তিনটি টিকিটঘর দখল নিয়ে জেলা পরিবহন মালিক গ্রুপের সঙ্গে এই সমিতির তীব্র বিরোধ চলছে।জানা গেছে, গত ১৫ আগস্ট রাতে গোপালগঞ্জ সার্কিট হাউসে বৈঠক করে মালিক ও শ্রমিকনেতারা বাস-ট্রাক থেকে চাঁদা আদায়ের হার ঠিক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাসপ্রতি ২০ টাকা ও ট্রাকপ্রতি ১০ টাকা চাঁদা নেওয়ার কথা।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বুলবুল ইসলাম অভিযোগ করেন, বাসপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার কথা থাকলেও ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। যেসব বাস-ট্রাক গোপালগঞ্জে দাঁড়ায় না, তাদের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁদের নিয়ন্ত্রণে থাকা বাসের তিনটি টিকিটঘর (কাউন্টার) মঙ্গলবার জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনয়নের বর্তমান কমিটির লোকজন দখল করে নিয়েছেন। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহসান পাল্টা অভিযোগ করেন, কিছুদিন আগে নির্বাচনে পরাজিত হওয়ার পর বুলবুল ইসলামের লোকজন জেলা পরিবহন মালিক গ্রুপ নামে একটি সংগঠনের ব্যানারে বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয় দখলের চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ‘জেলা পরিবহন মালিক গ্রুপের কোনো বৈধতা নেই। অথচ তারা আমাদের অফিস দখল করতে গিয়েছিল। বাস কাউন্টারগুলো বুলবুল ইসলামের লোকজন দখল করে খেত। সমিতি সিদ্ধান্ত নিয়েছে, সমিতির কার্ডধারী লোকজন কাউন্টারগুলো নিয়ন্ত্রণ করবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।’ অবশ্য বুলবুল ইসলাম মালিক সমিতির কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাস টার্মিনাল পৌরসভার। পৌর মেয়রের কাছে আবেদন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বলে আমরা কক্ষ বরাদ্দ নিয়েছি। এখানে দখলের কোনো প্রশ্নই আসে না।’ পরিবহন মালিক গ্রুপের সভাপতি ইলিয়াস হোসেন মোল্লা বলেন, ‘পৌরসভার অনুমোদন নিয়েই আমরা টার্মিনালে ঘর নিয়েছি। দখলের প্রশ্নই আসে না। তবে সমিতির লোকজন চাঁদাবাজি করছে এটা তো সবাই দেখছে। আমাদের এক কথা, চাঁদাবাজি বন্ধ করতে হবে।’বুধবার সরেজমিনে দেখা গেছে, গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন মোড় ও কুয়াডাঙ্গা, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়, সদর উপজেলার ঘোনাপাড়া এবং মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে দিন-রাত বাস ও ট্রাক থেকে চাঁদা আদায় চলছে। বাস ও মিনিবাস মালিক সমিতির কার্ড গলায় ঝুলিয়ে চাঁদা নিয়ে ট্রাকচালকদের হাতে একটি করে রসিদ ধরিয়ে দেওয়া হচ্ছে। তবে বাসের চালকদের রসিদ দেওয়া হচ্ছে না। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান বলেন, ‘খুলনায় আমাদের গাড়ি গেলে ১০০ টাকা নেওয়া হয়। আমরা ২০ টাকা নিই। এটা কোনো চাঁদাবাজি নয়। কারণ, এই টাকা দিয়েই মালিক সমিতির চলতে হয়। নিয়ম অনুযায়ী আমরা কাউন্টারগুলোতে মালিক সমিতির লোক দিয়েছি।’জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘দিনরাত পুলিশ পাহারা দিচ্ছে। আমরা অতিরিক্ত টাকা নিচ্ছি না। এখানে কোনো অনিয়ম নেই। যা বলা হচ্ছে, তা বিরোধিতার জন্য।’ গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসককে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে ব্যবস্থা নিতে বলা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ দেখবে। যাতে অতিরিক্ত চাঁদা আদায় করতে না পারে, সে জন্য পুলিশ লাইন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।