চাঁদা আদায় বন্ধের দাবিতে অটোচালকদের ধর্মঘট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা আদায় বন্ধ করার দাবিতে জামালপুরের তিনটি সড়কে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে ওই সব সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী-জামালপুর সড়ক দিয়ে সরিষাবাড়ী থেকে জামালপুর যাওয়ার পথে জামালপুর জেলা সিএনজি অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নামে সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদা আদায় করার ঘটনার প্রতিবাদে এবং চাঁদা আদায় বন্ধ করার দাবিতে গতকাল সকাল থেকে তারাকান্দি-সরিষাবাড়ী-জামালপুর, সরিষাবাড়ী-জামালপুর, মাদারগঞ্জ-সরিষাবাড়ী-জামালপুর সড়কে চার শতাধিক সিএনজিচালিত অটোরিকশার চালক যাত্রী পরিবহন বন্ধ করে দেন।
যে সংগঠনের নামে চাঁদা আদায় করা হচ্ছে, জামালপুর জেলা শহরসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে সেই জামালপুর জেলা সিএনজি অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সন্ধান পাওয়া যায়নি। ফলে চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে কারও সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি।
তিন সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তি পোহান। এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা শহরের শিমলা এলাকার বাসিন্দা আইনজীবী মজনু মিয়া বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সরিষাবাড়ী থেকে জামালপুরে আদালতে যেতে কষ্ট হয়েছে।’
সিএনজিচালিত অটোরিকশার চালক মাসুদ মিয়া বলেন, ‘প্রতিদিন সরিষাবাড়ী থেকে যাত্রী নিয়ে জামালপুরে যাওয়ার পথে ৭০ টাকা চাঁদা দিতে হয়। তাই চাঁদা নেওয়ার প্রতিবাদে অটোরিকশা চালানো বন্ধ করে দিয়েছি।’
উপজেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, সরিষাবাড়ী-জামালপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা নেওয়ার প্রতিবাদে তিন সড়কে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। চাঁদা নেওয়া বন্ধ না হলে ধর্মঘট চলতে থাকবে।
সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।