চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩
শেরপুরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে গত শনিবার অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে গ্রেপ্তার করে পুিলশ৷ এ ছাড়া, গতকাল রোববার চাঁদা আদায়ের সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই তিনজনকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শেরপুর পৌর শহরের নবীনগর মহল্লার মোস্তফা মাহমুদ, জামালপুর সদর উপজেলার চালাপাড়া গ্রামের জহিরুল ইসলাম ও ইসলামপুর উপজেলার নাটারকান্দা গ্রামের নাসির হোসেন।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে শহরের নিউমার্কেট এলাকায় ফল ও কাঁচামাল ব্যবসায়ী এবং হকারদের কাছ থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোস্তফা মাহমুদ ও তাঁর সহযোগীরা চাঁদা আদায় করছিলেন। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ সুপার মেহেদুল করীমকে জানান৷ পরে মেহেদুলের নির্দেশে গত শনিবার রাতে মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া, সদর উপজেলার বাজিতখিলা বাজারে সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয়ে চাঁদা আদায়ের সময় গতকাল সকালে জহিরুল ও নাসিরকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার এসআই আল মামুন জানান, ওই তিনজনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।