চাঁদা আনতে গিয়ে শ্রীঘরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা আনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। গত শনিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকালক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম আনিছুর রহমান (৩০)। তিনি দলকালক্ষ্মীপুর গ্রামের আলী কদরের ছেলে। এ ঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, আনিছুর দলকালক্ষ্মীপুর গ্রামের জমিরউদ্দিনের ছেলে ব্যবসায়ী জয়নাল আবেদীনের কাছে বেশ কিছুদিন ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা পরিশোধ না করলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে জয়নাল আবেদীন চাঁদা হিসেবে ৫০ হাজার টাকা দিতে রাজি হন। শনিবার সন্ধ্যায় ৫০ হাজার টাকা নেওয়ার জন্য এলে জয়নাল আবেদীন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আনিছুরকে আটক করে দামুড়হুদা থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) লস্কর তৈয়েবুর রহমান জানান, এ ঘটনায় জয়নাল আবেদীন শনিবার রাতে চাঁদাবাজির অভিযোগে দামুড়হুদা থানায় আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।