চাঁদা চেয়ে উড়োচিঠি আক্কেলপুরে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চারটি গ্রামের পাঁচ ব্যক্তিকে ডাকযোগে উড়োচিঠি দিয়ে তাঁদের কাছে বড় অঙ্কের চাঁদা চাওয়া হয়েছে। দাবি করা চাঁদা না পেলে তাঁদের আপনজনকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি গ্রামগুলোতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে।
এ ধরনের উড়োচিঠি পাওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলার চিয়ারি গ্রামের আলতাফ মাহমুদ ২২ জানুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ক্যাম্পেও এ ঘটনাটি লিখিতভাবে জানানো হয়েছে।
জিডিতে আলতাফ মাহমুদ উল্লেখ করেন, ১৩ জানুয়ারি বিকেলে পিয়নের কাছ থেকে তিনি একটি চিঠি পান। ওই চিঠিতে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। অন্যথায় তাঁর দুই ছেলেকে হত্যা করা হবে। ১৫ দিনের মধ্যে টাকা জোগাড় করে মুঠোফোনের একটি নম্বরে খুদে বার্তা পাঠাতে বলা হয়েছে। চিঠির প্রেরকের ঠিকানায় আকবর আলী, নন্দীগ্রাম লেখা রয়েছে। ২০ জানুয়ারি সন্ধ্যায় বাড়িতে তাঁর ছেলের স্ত্রী একা ছিলেন। এ সময় মুখোশপরা এক ব্যক্তি বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে ঘরে গিয়ে ওই গৃহবধূকে গামছা দিয়ে মুখমণ্ডল ও ওড়না দিয়ে হাত-পা বেঁধে খাটের নিচে ফেলে রাখে। তিনি (আলতাফ) খোঁজ নিয়ে জানতে পারেন, একই কথা লিখে গ্রামের আখতারুজ্জামান তালুকদারের কাছে চার লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। ওই চিঠির খামে প্রেরকের ঠিকানা উল্লেখ আছে—রকেট হোসেন, গ্রাম-নুনুজ, পোস্ট-জামালগঞ্জ। পাশের তেমারিয়া গ্রামের আকরাম হোসেনের কাছে একইভাবে চিঠি দিয়ে দুই লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। তাঁর চিঠির খামে প্রেরকের ঠিকানা দেওয়া আছে মোল্লা সাহেব, গোপীনাথপুর। পাকুডারিয়া গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাকীর কাছেও একইভাবে চিঠি দিয়ে চার লাখ টাকা চাওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে গত শুক্রবার ওই গ্রামগুলোতে গেলে গ্রামবাসী জানান, এখন তাঁরা ডাকাত ও চাঁদাবাজির আতঙ্কে আছেন। এসব গ্রামের অনেকেই ডাকযোগে চাঁদা দাবির উড়োচিঠি পেয়েছেন।
চাঁদাবাজেরা তাঁদের ক্ষতি করতে পারে, এমন আশঙ্কায় তাঁরা নাম প্রকাশ করতে রাজি হননি। তাঁরা জানিয়েছেন, গত ২৮ ডিসেম্বর দিবাগত রাতে গুডুম্বা গ্রামের আবদুল জলিলের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা গৃহকর্তা জলিলের ছেলে ছয়ফুল ইসলাম ও তাঁর স্ত্রী হেলেনা বেগমকে পিটিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
একই রাতে চন্দনদীঘি বাজারের ১০টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নৈশপ্রহরীকে বেঁধে রেখে এসব দোকানের মালামাল লুট করে। এসব ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো ডাকাতির মালামাল উদ্ধার করতে পারেনি।
উড়োচিঠি পাওয়া আখতারুজ্জামান জানান, তিনি আগে কখনো এ রকম চিঠি পাননি। হঠাৎ করেই উড়োচিঠি পাওয়ায় আতঙ্কে আছেন। এসব ঘটনায় এলাকার কেউ জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
চন্দনদীঘি বাজারের মা গার্মেন্টসের মালিক ফারুক জানান, সম্প্রতি দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন। তবে এখনো পুলিশ তাঁর মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। এখন দুর্বৃত্তরা মুঠোফোনে তাঁর কাছে চাঁদা চাচ্ছে। এ রকম আরও কয়েকজনের কাছে চাঁদা চাওয়ার কথা শুনেছেন বলে জানান তিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক জানান, তিনজনকে ডাকযোগে উড়ো চিঠি দিয়ে চাঁদা চাওয়া হয়েছে বলে তিনি জেনেছেন। এসব চিঠিতে একই মুঠোফোনের নম্বর দেওয়া আছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই মুঠোফোন নম্বরের মালিককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।