আসামি গ্রেপ্তার না হলে সিলেট বিভাগের সব পেট্রলপাম্প বন্ধ
চাঁদা চেয়ে সিএনজি ফিলিং স্টেশনে হামলা
সিলেট নগরের একটি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশন মালিকদের সংগঠনের নেতারা। অন্যথায় মঙ্গলবার থেকে সিলেট বিভাগের সব পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। গতকাল শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা এই সময়সীমা বেঁধে দেন।সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের শিবগঞ্জের সুরমা অটোকেয়ার প্রাইভেট লিমিটেড সিএনজি রিফুয়েলিং স্টেশনে চাঁদার দাবিতে একদল যুবক হামলা চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি করে। ওই মামলার পর মামলা করা হলেও পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীরা উল্টো হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ অবস্থায় গতকাল সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী বলেন, ছাত্রলীগ নামধারী একদল যুবক হামলা চালায়। পরে তাদের নাম-পরিচয় উল্লেখ করে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। প্রতিটি সিএনজি পাম্পে ছয় থেকে সাত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। যার ৬০ থেকে ৭০ শতাংশই ব্যাংক ঋণ। ঋণ নিয়ে ঝুঁকি ও ভয়ভীতির মধ্যে ব্যবসা পরিচালনা করতে হলে ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, পেট্রলপাম্প ওনার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি মোস্তফা কামাল, সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মুজিবুর প্রমুখ উপস্থিত ছিলেন।