চাঁদা চেয়ে হুমকি দেওয়াই কাজ দিনে আয় ৩০ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ সন্ত্রাসীর নির্দেশমতো চিহ্নিত ব্যক্তির কাছে চাঁদা চেয়ে ফোন করেন তিনি। তবে চাঁদা আদায়ের কাজটি করেন অন্য লোক। শুধু ফোন করার জন্যই প্রতিদিন তিনি আয় করেন ২০ থেকে ৩০ হাজার টাকা।এই চাঁদাবাজ সন্ত্রাসীর নাম নাজমুল হাসান ওরফে ব্যাঙা বাবু (৩৪)। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বরূপারচক গ্রাম থেকে গত ২২ জানুয়ারি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফায় তাঁকে রিমান্ডে আনে। পুলিশের জিজ্ঞাসাবাদ ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন এই সন্ত্রাসী।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মিরপুরের মসজিদুল আকবারের মহাসচিব মুহাম্মদ মহিবুল্লাহর দায়ের করা চাঁদাবাজি ও অন্য একটি খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ব্যাঙা বাবুকে রিমান্ডে আনা হয়। তাঁর কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ রূপনগরের দিয়াবাড়ি থেকে দুটি অস্ত্র উদ্ধার করে।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবু বলেন, এ পর্যন্ত তিনি ছয়জনকে খুন করেছেন। এ ছাড়া কয়েকজন ব্যবসায়ীকে গুলিও করেন। তাঁদের সবাইকেই গুলি করেছেন চাঁদা না পেয়ে। তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসী শাহাদতের নির্দেশেই তিনি এসব ঘটনা ঘটিয়েছেন। গ্রেপ্তারের পর বাবু পুলিশের কাছে স্বীকার করেন, মিরপুরের শাহ আলী এলাকায় ২০০১ সালের দিকে প্রতিপক্ষের সন্ত্রাসী নান্টুকে গুলি করে হত্যা করেন। এরপর আরও পাঁচজনকে খুন করেন তিনি। এসব খুনের বিবরণ দিয়ে তিনি বলেন, ২০০১ সালের ডিসেম্বরে শাহ আলী এলাকায় মোহাম্মদ আলী, ওই বছরের জুলাই মাসে পাইকপাড়ায় ওয়ার্ড কমিশনার শওকত আলী, ২০০২ সালে সেগুনবাগিচায় সন্ত্রাসী খায়রুল ও মামুনকে খুন করেন তিনি। একই বছরে খুন করেন সন্ত্রাসী ঘোড়া মাসুদকে। ২০০২ সালে চাঁদার জন্য মিরপুরে ২ নম্বরের পোশাক কারখানার এক ব্যবস্থাপককে গুলি করেন। ওই গুলিতে ব্যবস্থাপক প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। ওই বছরের শেষের দিকে মিরপুরের আরেক পোশাক কারখানার মালিককে পাঁচ লাখ চাঁদার জন্য গুলি করেন। এ রকম আরও ১০টি ঘটনার বিবরণ দেন তিনি। তিনি দাবি করেন, ভয়ে অনেকেই তাঁর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করতেন না। জিজ্ঞাসাবাদে বাবু আরও বলেন, ২০০২ সালের শেষের দিকে খিলগাঁওয়ের একটি বাসা থেকে ডিবি পুলিশ একটি রিভলবার ও ছয়টি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে। এতে তাঁর জেল হয়। সাড়ে সাত বছর জেল খেটে তিনি বের হন ২০১০ সালে। পরে শীর্ষ সন্ত্রাসী শাহাদতের আমন্ত্রণে তিনি ভারতের খিদিরপুরে যান। সেখানে শাহাদত তাঁকে বলেন, তাঁর কথামতো চাঁদাবাজি করতে হবে, না হলে ভারতে গ্রেপ্তারের ভয় দেখান। ভারত থেকে চলতি বছরের জানুয়ারিতে তিনি দেশে ফেরেন। দেশে অবস্থানের সময় ঢাকা থেকে খুলনায় যাওয়ার পথে রাজবাড়ীর গোয়ালন্দে ধরা পড়েন। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যাঙা বাবুর বিরুদ্ধে মিরপুর অঞ্চলের বিভিন্ন থানায় সাতটি হত্যাসহ ১৯টি মামলা থাকার খোঁজ পেয়েছে পুলিশ। চাঁদাবাজির বিরুদ্ধে এসব থানায় রয়েছে অসংখ্য জিডি।