চাঁদা তুলে শিশুদের নিয়ে চলছে সড়কের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে সরকারিভাবে সড়কের কাজ না করায় চাঁদা তুলে রাজমিস্ত্রী ও শ্রমিক ছাড়াই শিশুদের নিয়ে সড়ক নির্মাণ করছেন ভুক্তভোগী ব্যক্তিরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর বাউফলে সরকারিভাবে সড়কের কাজ না করায় চাঁদা তুলে রাজমিস্ত্রী ও শ্রমিক ছাড়াই শিশুদের নিয়ে সড়ক নির্মাণ করছেন ভুক্তভোগী ব্যক্তিরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামে সরকারিভাবে সড়কের কাজ না করায় চাঁদা তুলে শিশুদের নিয়ে সড়কের নির্মাণকাজ করছেন ভুক্তভোগী ব্যক্তিরা।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাউফল-লোহালিয়া সড়কের দক্ষিণ বিলবিলাস এলাকায় মূল সড়ক থেকে দক্ষিণ দিকে একটি শাখা সড়কের নির্মাণকাজ চলছে। এক ব্যক্তি মূল সড়কের পাশে রাখা ইট চার শিশুর মাথায় তুলে দিচ্ছেন। এদের মধ্যে দুই শিশু তিনটি করে এবং দুই শিশু আটটি করে ইট মাথায় নিয়ে ইট বিছানোর দায়িত্বে থাকা তিন ব্যক্তির কাছে পৌঁছে দিচ্ছে। আর তাঁরা রাস্তার ওপর ইট বিছিয়ে দিচ্ছেন।
এ সময় নূর হোসেন শিকদার (৬৫) আক্ষেপের সুরে বলেন, ‘আগে ভোটের সময় হ্যারা (প্রার্থীরা) ভোটারগো দ্বারে গিয়া সুখদুঃখের কথা হোনতো। রাস্তাঘাট কইরা দেওনের ওয়াদা করত। এহন আর ভোট দেওন লাগে না। ভোট ছাড়াই হ্যারা চেয়ারম্যান-মেম্বার অইয়া যায়। হেই লইগা আমাগো খোঁজখবরও লয় না, আর রাস্তাঘাটও হেরা কইরা দেয় না। এহন আমাগো রাস্তা আমরাই পোলাপাইন লইয়া করতাছি।’
রাস্তার ইট বহনের কাজে নিয়োজিত হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. সোহাগ বলে, ‘বৃষ্টির দিনে কাদার রাস্তা দিয়া স্কুলে যাইতে কষ্ট হয়। তাই আমরা হ্যাগো (বড়দের) লগে রাস্তার কাজ করছি।’ অভিন্ন কথা বলে দক্ষিণ বিলবিলাস দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. জুয়েল ও হোসনাবাদ দারুস সালাম মাদ্রাসার শিশুশ্রেণির শিক্ষার্থী মো. হাসান।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাউফল-লোহালিয়া সড়কের দক্ষিণ বিলবিলাস এলাকায় মূল সড়ক থেকে দক্ষিণ দিকে আইনুদ্দিন শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার একটি কাঁচা শাখা সড়ক। সড়কটি দিয়ে ওই এলাকার শিশু, নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে সড়কটিতে কাদা হওয়ায় চলাচলে খুবই কষ্ট হয়। সরকারিভাবে সড়কটি নির্মাণ না করায় ভুক্তভোগী ব্যক্তিরা চাঁদা তুলে নিজেরাই সড়কটির নির্মাণকাজ করছেন। এতে ব্যয় হবে প্রায় দুই লাখ টাকা।
এ বিষয়ে বাউফল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল আহম্মেদ শিকদার বলেন, সরকারি বরাদ্দ দিয়ে একবার সড়কটিতে কিছু মাটির কাজ করানো হয়েছিল। এখন তাঁরা নিজেদের অর্থায়নে ইট দিয়ে সড়কটির নির্মাণকাজ করছেন।