চাঁদা তুলে সড়ক সংস্কার

মেরুল বাড্ডার দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার বেহাল ১৫টি সড়ক সংস্কার করতে বারবার কর্তৃপক্ষকে অনুরোধ করেও ফল পাননি এলাকাবাসী। অগত্যা বাড়ির মালিকেরা নিজেরা চাঁদা তুলে চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার শুরু করেছেন।
দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনেক পুরোনো প্রকল্প। এটি ‘ডিআইটি প্রজেক্ট’ নামেই বেশি পরিচিত। বাড্ডার কিছু অংশ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। কিছু অংশ পড়েছে বাড্ডা ইউনিয়ন পরিষদে। কিন্তু দক্ষিণ বারিধারা আবাসিক এলাকাটি রাজউক এখনো সিটি করপোরেশন বা ইউনিয়ন পরিষদ কাউকেই বুঝিয়ে দেয়নি।
গতকাল শুক্রবার দেখা যায়, এলাকার ১৫টি সড়কের মধ্যে ১৩টিই বেহাল। গ্রামের মেঠো পথের মতো অবস্থা। সড়কগুলোর মাঝে বড় বড় গর্ত। এলাকার ভেতরে ব্যক্তিগত গাড়ি ছাড়া কোনো যানবাহন চলে না। ফুটপাতহীন সড়কগুলোয় চলাচল করতে এলাকাবাসীর প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পুরো এলাকার ব্যতিক্রম ১০ ও ১২ নম্বর সড়ক দুটি। সড়ক দুটিতে অবস্থিত বাড়ির মালিকেরা উদ্যোগী হয়ে নিজেদের অর্থায়নে সড়ক সংস্কার করেছেন। এলাকার ১০ নম্বর সড়কের মুখেই আন্তর্জাতিক বৌদ্ধবিহার। বৌদ্ধবিহার সড়কটি কিছুদিন আগেও ছিল এবড়োখেবড়ো। গতকাল দেখা যায়, ৬৬৬ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের সড়কে ঢালাই দেওয়া হয়েছে। সংস্কারকাজ শেষ পর্যায়ে আছে। সড়ক সংস্কারের পাশাপাশি পানিনিষ্কাশনের নালারও সংস্কার করা হয়েছে। সব মিলিয়ে সড়ক সংস্কার বাবদ প্রায় ১২ লাখ টাকা ব্যয় হচ্ছে।
১০ নম্বর সড়কের বাড়ির মালিক এস এম সিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, সড়কগুলোর বিষয়ে একাধিকবার রাজউককে জানানো হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বাধ্য হয়ে এ সড়কে অবস্থিত বাড়ির মালিকেরা নিজেরা টাকা তুলে সংস্কার করছেন। আর রাজউক সংস্কারের অনুমিত দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে।

স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, ‘এখন তো শুধু ভাঙাচোরা দেখা যাচ্ছে। বর্ষা এলে কী যে হবে, সেই আতঙ্কে আছি। এসব খানাখন্দ বৃষ্টির পানি জমে ডোবায় পরিণত হয়। ঢাকা শহরের ভেতরে এমন রাস্তাও আছে না দেখলে কেউ বিশ্বাস করবে না।’
গত কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলেও ৯ নম্বর সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা তলিয়ে যায়। পানিনিষ্কাশনব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টির পানি সরতে চায় না। আর সড়কের গর্তগুলোতে জমে থাকা কাদাপানি কয়েক দিন আটকে থাকে।
দক্ষিণ বারিধারা প্লট মালিক কল্যাণ সমিতি ট্রাস্টের দেওয়া তথ্যমতে, ডিআইটি প্রজেক্টে আট শতাধিক হোল্ডিং রয়েছে। আর এখানকার বাসিন্দার সংখ্যা ৪০ হাজারের মতো। ডিআইটি প্রকল্প এলাকায় স্কুল, মাদ্রাসা, কলেজসহ ১৫টির মতো শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এবড়োখেবড়ো সড়কের কারণে শিক্ষার্থীদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এলাকার সড়ক অতিমাত্রায় খারাপ বলে এলাকার ভেতরে রিকশা প্রবেশ করে না। ৪, ৯ ও ১১ নম্বর সড়ক ঘুরে দেখা যায়, এলাকার লোকজন সড়কের গর্তগুলোতে ইট বিছিয়ে ছিলেন। সেগুলো সরে গিয়ে আবারও গর্ত বেরিয়ে পড়েছে। দেখে বোঝার উপায় নেই যে শেষ কবে পিচঢালাই হয়েছিল।
এ বিষয়ে ডিআইটি প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট রাজউকের প্রকৌশলী নাম না প্রকাশের শর্তে বলেন, এলাকাটি বুঝে নিতে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে, তারা বুঝে নিতে চাইছে না। চেষ্টা করা হচ্ছে তারা যাতে বুঝে নেয়। কারণ, পানিনিষ্কাশনের নালা করার দায়িত্ব সিটি করপোরেশনের।