চাঁদা দাবি, হয়রানির অভিযোগে সাংবাদিককে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া এলাকায় গত বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি গণধোলাইয়ের শিকার হয়েছেন। এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে এক নারীকে দিয়ে তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা’ শ্লীলতাহানির অভিযোগ দেওয়ায় জনতা ওই সাংবাদিককে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাঁকে রক্ষা করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, আড়াপাড়ার ব্যবসায়ী রতন কুমার সাহা এক খণ্ড জমিতে বসবাস করছেন। অবৈধভাবে এ জমি দখলে রাখার অভিযোগ তুলে একটি বেসরকারি টেলিভিশনের সাভার প্রতিনিধি মিথুন সরকার গত ৩০ জানুয়ারি রতনের কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন এবং এ বিষয়টি ওই টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে জানানো হবে বলে সতর্ক করেন। এতে ক্ষুব্ধ হয়ে মিথুন এক নারীকে দিয়ে রতন সাহার বিরুদ্ধে সাভার থানায় শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ ওই নারী ও মিথুনকে নিয়ে ঘটনা তদন্তের জন্য রতন সাহার বাসায় যান। সেখানে পুলিশের কাছে অভিযোগের বর্ণনা শুনে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে জনতা মিথুন ও তাঁর এক সহযোগীকে কিল-ঘুষি মারতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ গিয়ে মিথুনকে উদ্ধার করে। থানায় দেওয়া অভিযোগে ওই নারী উল্লেখ করেন, সম্প্রতি তিনি রতন সাহার বাসা ভাড়া নিতে যান। তখন তাঁকে জোর করে ঘরের ভেতর নেওয়ার চেষ্টা করেন রতন। টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে রতন তাঁকে ছেড়ে দেন। তবে জনতার কাছে আটক হওয়ার পর ওই নারী সাংবাদিকদের জানান, তিনি কখনো রতনের বাসায় যাননি। এমনকি এর আগে তাঁকে কখনো দেখেননি। টাকার বিনিময়ে তিনি মিথুনের কথামতো থানায় ওই মিথ্যা অভিযোগ করেন। রতন সাহা বলেন, ‘মিথুন চাঁদা না পেয়ে আমাকে নারী দিয়ে “ব্ল্যাকমেইল” করার চেষ্টা করেন। এ ব্যাপারে আমি বৃহস্পতিবার মিথুনের বিরুদ্ধে সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ এ ছাড়া সাভার পৌরসভার জালেশ্বর এলাকার এমএম টাওয়ারে অবস্থিত নিট মালটিপারপাসের হিসাবরক্ষক আসলাম হোসেন অভিযোগ করেন, দিন ১৫ আগে সাংবাদিক মিথুন তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মিথুন তাঁকে পুলিশ দিয়ে ধরিয়ে থানায় নিয়ে যান। মিথুনকে পাঁচ হাজার টাকা দিলে ১০ ঘণ্টা পর তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে সাংবাদিক মিথুন বলেন, ‘আমি সমাজের নানা অসংগতি নিয়ে প্রতিবেদন করায় একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বলেন, লিখিত অভিযোগ পেয়ে নিয়ম অনুযায়ী পুলিশ বৃহস্পতিবার ঘটনা তদন্ত করতে যায়। তদন্ত শেষে পুলিশ চলে আসার পর জনতা মিথুনকে ধোলাই দিয়ে ছেড়ে দেয়। শ্লীলতাহানির অভিযোগ সত্য কি না, জানতে চাইলে সাজ্জাদ রোমন বলেন, ‘প্রাথমিক তদন্তে এর কোনো সত্যতা মেলেনি।’