চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার
চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে ঢাকার আশুলিয়ায় কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তাকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাব। ‘লাইফ ওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামের একটি এলএমএম কোম্পানির চেয়ারম্যান হাসান কবীর তাঁর বিরুদ্ধে গতকাল শুক্রবার আশুলিয়া থানায় মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা মাজাহারুল ইসলাম গত সোমবার মুঠোফোনে কল করে হাসান কবীরকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। কিন্তু হাসান অসুস্থ থাকায় তাঁর পক্ষে ওই দিন দেখা করা সম্ভব হয়নি। পরদিন মাজাহারুল রাজধানীর গুলশানে গিয়ে হাসানের সঙ্গে দেখা করেন। তাঁরা গুলশান দুই নম্বরের পিংক সিটি শপিং মলের আটতলায় বাটন রোজ রেস্তোরাঁয় বসে কথা বলেন। সে সময় মাজাহারুল গত রোববার আশুলিয়ার ডেবনোয়ার নামের একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনার সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানান। মাজাহারুল এ বিষয়ে তাঁর প্রতিষ্ঠানকে জড়িয়ে প্রতিবেদন দেওয়ার হুমকি দিয়ে প্রতিষ্ঠানটির প্রোফাইলসহ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। হাসান ভয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর কার্যালয়ের হিসাব সহকারী সফিকুল ইসলামের মাধ্যমে প্রোফাইলসহ ৩০ হাজার টাকা পাঠিয়ে দেন। আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) থেকে মাজাহারুল প্রোফাইলসহ ওই টাকা গ্রহণ করেন।মামলার এজাহারে আরও বলা হয়, চাহিদামতো টাকা না দেওয়ায় মাজাহারুল তাঁকে হয়রানির ভয় দেখিয়ে আরও ২০ হাজার টাকা দাবি করেন। গত বুধবার তিনি বিষয়টি লিখিতভাবে র্যাব-১ কে জানান। পরে হাসান ২০ হাজার টাকা দিতে রাজি হয়ে টাকা নেওয়ার জন্য মাজাহারুলকে উত্তরার জসীমউদ্দীন সড়কের উত্তরা টাওয়ারের কাছে আসতে বলেন। মাজাহারুল টাকার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্থানে গেলে ওত পেতে থাকা র্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।অনুসন্ধানে জানা গেছে, গত রোববার ডেবনোয়ার পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের প্যাকেজিং ইনচার্জ জাকির হোসেন ও অপারেটর সুমি বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সুমি বেগমের ভাষ্যমতে, ২০ হাজার টাকার বিনিময়ে জাকিরের পরামর্শে তিনি আগুন লাগান। ওই ঘটনায় কারখানার মহাব্যবস্থাপক নিরোদ বড়ুয়া গত রোববার মামলা করেন। এ ঘটনায় জাকির গ্রেপ্তার হওয়ার পর এনএসআই কর্মকর্তারা তাঁর বাসা থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেন। এর মধ্যে লাইফ ওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সদস্য হিসেবেও জাকিরের পরিচয়পত্র পাওয়া যায়।সূত্র জানায়, জাকিরের বাড়ি জামালপুর সদর থানার জামিরা গ্রামে। হাসানের বাড়ি জামালপুর সদর থানার দেওয়ানপাড়া গ্রামে। মাজাহারুল প্রথম আলোকে বলেন, লাইফ ওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে জাকিরের সংশ্লিষ্টতা থাকার তথ্য পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এ সময় পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে প্রতিষ্ঠানটির ইন্ধন থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার সকালে তিনি র্যাবের প্রধান কার্যালয়ে যান। সেখান থেকে তাঁকে র্যাব-১-এর উত্তরা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি হাসানকে দেখতে পান। এ সময় র্যাব কর্মকর্তারা তাঁদের দুজনকেই একসঙ্গে জিজ্ঞাসাবাদ করেন। এরপর র্যাব গতকাল তাঁকে আশুলিয়া থানায় নিয়ে আসে।মাজাহারুল চাঁদা দাবি ও আদায়ের কথা অস্বীকার করে বলেন, তিনি নির্দোষ, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের এক কর্মকর্তা বলেন, হাসান তাঁদের কাছে লিখিত আবেদন করায় মাজাহারুলকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, মাজহারুলের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।