লালমনিরহাটের হাতীবন্ধা উপজেলায় তিস্তা নদীর বাম তীর রক্ষা প্রকল্পের গাইড বাঁধ নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। ঠিকাদারের অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল চাঁদা দাবি করে হুমকি দেওয়ায় তিনি কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামে তিস্তার বাম তীরে ১৮০ মিটার গাইড বাঁধ নির্মাণের কাজ করছে কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মশিউর রহমান চৌধুরী। গত বছরের ২২ এপ্রিল কার্যাদেশ পাওয়ার পর ওই বছরের ২৩ নভেম্বর কাজ শুরু হয়। কাজটি চলতি বছরের ৩০ মের মধ্যে শেষ হওয়ার কথা।কিন্তু ঠিকাদার মশিউর রহমান চৌধুরী গত বুধবার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল তাঁর কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় তাঁরা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ভয়ভীতি দেখাচ্ছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি গত মঙ্গলবার কাজ বন্ধ করে দিয়েছেন।লিখিত অভিযোগে ঠিকাদার জানান, বর্তমানে প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই অবস্থায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করার ব্যাপারে সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি আরও বেড়ে গেলে যেকোনো সময় প্রকল্প এলাকায় পানি ঢুকে নির্মিত সিসি ব্লকসহ নির্মাণসামগ্রী নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। সময়মতো শেষ করতে না পারলে নির্মাণাধীন বাঁধটি ভেঙে যেতে পারে। এতে এলাকার হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ঠিকাদার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের কাজ শেষ করার জন্য জোর দিয়ে কাজ করছিলাম। কিন্তু চাঁদাবাজদের হুমকির কারণে কাজ বন্ধ করে দিতে হয়েছে। শ্রমিক-কর্মচারীরা কাজ ছাড়াই বসে আছেন। এতে প্রতিদিন আমাকে আর্থিক ক্ষতির সমঞ্চুখীন হতে হচ্ছে।’যোগাযোগ করা হলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারের লিখিত অভিযোগ পেয়েছি। প্রশাসনের সহযোগিতা নিয়ে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’