চাঁদা দাবি, কুষ্টিয়ায় সড়কের কাজ শুরু না হতেই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চার কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২৩ মার্চ থেকে দুটি সড়ক সংস্কারের কাজ শুরু হয়। দুই দিন পরই স্থানীয় সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে ওই সড়কে গিয়ে ফাঁকা গুলি ছোড়ে এবং চাঁদা দাবি করে। এরপরই কাজ বন্ধ করে চলে যান ঠিকাদার ও শ্রমিকেরা।
সন্ত্রাসীদের ভয়ে গতকাল রোববার পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেননি ঠিকাদার। পুলিশও সন্ত্রাসীদের ধরতে পারেনি।
কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কার্যালয় সূত্র জানায়, সড়ক সংস্কারের আওতায় গত বছরের নভেম্বরে ভেড়ামারার বারমাইল থেকে সাতবাড়িয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার ও ভেড়ামারা দক্ষিণ রেলগেট থেকে ভেড়ামারা আদর্শ কলেজ পর্যন্ত ৯০০ মিটা জেলা সড়ক সংস্কারের জন্য অনলাইনে দরপত্র আহ্বান করা হয়। চার কোটি ২০ লাখ টাকা ব্যয়ে মোজাহার এন্টারপ্রাইজ ও শফিক এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ২৫ ফেব্রুয়ারি কার্যাদেশ পান। আগামী ১৮ সেপ্টেম্বর কাজ শেষ হওয়ার কথা।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল জানান, ঠিকাদারের শ্রমিকেরা প্রয়োজনীয় উপকরণ, পাথর ও যন্ত্রপাতি নিয়ে গত রোববার কাজ শুরু করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী ভেড়ামারার দক্ষিণ রেলগেটে প্রকাশ্যে অস্ত্র নিয়ে শ্রমিকদের গালাগাল করে। কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবি করে। এরপর ঠিকাদার কাজ বন্ধ করে চলে যান।
গত বৃহস্পতিবার দুপুরে ওই সড়ক সংস্কারকাজের তদারকি কর্মকর্তা সওজের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কাফি জানান, কাজ আপাতত বন্ধ রয়েছে। ঠিকাদারও চলে গেছেন। তিনি ফোনও ধরছেন না।
যোগাযোগ করা হলে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, এ ঘটনায় কোনো ঠিকাদার অভিযোগ করেননি। ঠিকাদার কাজ করতে চাইলে পুলিশের সহায়তা দেওয়া হবে।