চাঁদা দাবির অভিযোগে গতকাল রোববার বিকেলে সাভার মডেল থানার পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীকে আটক করেছে। তাঁরা সবাই মীর মোশারফ হোসেন হলে থাকেন। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়নের তৃতীয় বর্ষের আব্দুর রহিম, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের মাহবুব আলম ও মেহেদি মাহমুদ (২১), গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের তানভীর কবির ও তালহা, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের জাভেদ হোসেন, বেলাল হোসেন ও ইসমাইল হোসেন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিফাত আল রাহা, রবিউল ইসলাম (২১) ও আজিম হোসেন, ভূতাত্ত্বিক বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের অনিক সাহা (২০) এবং পরিসংখ্যান তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মুইত (২০)।
পুলিশ জানায়, গতকাল বিকেলে আটক শিক্ষার্থীরা লাঠি ও ইটপাটকেল হাতে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল গেটের সামনে জড়ো হন। বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী ও রংপুরের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের তিনটি বাস ওই গেটের সামনে পেঁৗছালে শিক্ষার্থীরা লাঠির আঘাত এবং ইটপাটকেল নিক্ষেপ করে বাস দুটির গতিরোধ করেন। এরপর তাঁরা বাসের সুপারভাইজার মনির হোসেন ও আবুল কাশেমকে বাস থেকে নামিয়ে বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মহাসড়কের পাশে আটকে রেখে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা দাবি করেন। বিষয়টি জানার পর বাস মালিক পক্ষের লোকজন সাভার থানায় বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক সুপারভাইজারদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ সুপারভাইজারদের আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে ১৩ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।
মনির হোসেন ও আবুল কাশেম অভিযোগ করেন, শিক্ষার্থীরা আগে থেকেই লাঠি হাতে মীর মোশাররফ হোসেন হলের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অপেক্ষা করছিলেন। তাঁদের পরিবহনের তিনিটি বাস ঘটনাস্থলে পেঁৗছালে ওই শিক্ষার্থীরা বাস তিনটিতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এ সময় একটি বাস চলে যেতে সক্ষম হলেও তাঁরা যেতে পারেননি। বাস থামার পর শিক্ষার্থীরা তাঁদের বাস থেকে নামিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে আটক শিক্ষার্থীদের মধ্যে আব্দুর রহিম বলেন, সপ্তাহ খানেক আগে সিরাজগঞ্জে হানিফ পরিবহনের একটি বাস তাঁর এক আত্মীয়ের একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে তাঁরা ওই পরিবহনের দুটি বাসের সুপারভাইজারকে আটক করে ক্ষতিপূরণ আদায় করার চেষ্টা করছিলেন। তাঁদের কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে ঝামেলা করায় পুলিশ তাঁদের আটক করেছে। এখানে তাদের কোনো কিছু করার নেই। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাত নয়টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা হানিফ পরিবহনের দুটি বাসের সুপারভাইজারকে আটক করে চাঁদা দাবি করেন। এই অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।