চাঁদা দাবির অভিযোগে এক এএসআইসহ তিনজন গ্রেপ্তার
নরসিংদীতে চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ তিনজন গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার শাহেপ্রতাব এলাকা থেকে স্থানীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকার কামরাঙ্গীরচর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন (৪০), চকবাজারের নবাববাগিচার নুর মোহাম্মদ (৩৫) ও ভোলার ওয়েস্টার্ন পাড়ার নাসির আহমেদ (৩৭)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নরসিংদীর শাহেপ্রতাব এলাকার প্রবাসী সুলতান মোল্লার স্ত্রী শরীফা বেগমের কাছে কিছুদিন ধরে মুঠোফোনে চাঁদা দাবি করে আসছিলেন নাসির ও নুর। গতকাল দিবাগত রাতে তাঁরা আবারও দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে শরীফা বেগমকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। সকালে তাঁরা আসবেন বলে জানান। এ অবস্থায় প্রবাসীর স্ত্রী বিষয়টি প্রতিবেশীদের জানিয়ে বাড়ি থেকে সরে পড়েন। শাহাদাতকে নিয়ে নাসির ও নুর ওই বাড়িতে আসেন। শরীফা বেগমকে না পেয়ে তাঁরা একটি দোকানে অপেক্ষা করছিলেন। শাহাদাত নিজেকে ঢাকার কোতোয়ালি থানার এসআই পরিচয় দেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা নরসিংদী সদর থানায় বিষয়টি জানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহাদাত নিজেকে কামরাঙ্গীরচর থানার এসআই বলে দাবি করেন। পরে নরসিংদী পুলিশ কামরাঙ্গীরচর থানায় যোগাযোগ করে শাহাদাত সেখানকার এএসআই বলে নিশ্চিত হয়।শরীফা বেগম জানান, তাঁর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন নাসির ও নুর। সকালে চাঁদা নিতে এলে তাঁদের আটক করা হয়।এদিকে উপ-পরিদর্শক শাহাদাত বলেন, তাঁর এক ঘনিষ্ঠজন বর্তমানে নরসিংদীর একটি মাদ্রাসার শিক্ষক। নিজের দাম্পত্য সমস্যা নিয়ে তাঁর সঙ্গে আলাপ করতেই নাসিরের সঙ্গে এসেছিলেন। চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত নন।নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, চাঁদা দাবির বিষয়টি নিশ্চিত হয়েই শাহাদাতসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শরীফা বেগম বাদী হয়ে মামলা করেছেন।