চাঁদা দিতে না পারায় প্রকৌশলী গৃহবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাত দিন ধরে তাঁর কার্যালয়ে যেতে পারছেন না। ওই পৌরসভার এক কাউন্সিলর চাঁদা দাবি করে না পেয়ে তাঁকে কার্যালয়ে আসতে নিষেধ করেছেন।এ নির্দেশ না মানলে তাঁকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে। এ কারণে নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন।নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম দক্ষিণ বড়গাছা মহল্লায় নিজ বাড়িতে ফিরছিলেন। মিরপাড়া ত্রিমোহনীতে আসার পর কাউন্সিলর সদরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাঁকে পাশের গলিতে নিয়ে যায়। এ সময় সদরুল তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে আপত্তি করলে তাঁরা তাঁকে মারধর করেন। চাঁদা না দেওয়া পর্যন্ত তাঁরা তাঁকে অফিসে না যাওয়ার জন্য হুমকি দেন।এ ঘটনায় প্রকৌশলী আবুল কাশেম সদরুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে ২৬ অক্টোবর সদর থানায় মামলা করেন। মামলার পর ওই কাউন্সিলর গা ঢাকা দেন। তিনি ২৭ ও ২৮ অক্টোবর মামলা তুলে নেওয়ার জন্য প্রকৌশলীকে চাপ দেন। এ ব্যাপারে তিনি ৩১ অক্টোবর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।প্রকৌশলী আবুল কাশেম বলেন, ‘আমাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি সাত দিন ধরে গৃহবন্দী হয়ে আছি। আমার স্ত্রী-সন্তানেরাও উর‌্যাকণ্ঠায় আছে।’কাউন্সিলর সদরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমি নিজেই চরম অসুস্থ। আমি তাঁকে মারধরও করিনি এবং তাঁর কাছে চাঁদাও চাইনি।’পৌর মেয়র এমদাদুল হক জানান, নির্বাহী প্রকৌশলী ভয়ে কার্যালয়ে আসতে পারছেন না। এ ব্যাপারে তাঁর (মেয়র) কিছুই করার নেই।সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা মিন্টু ও দুলালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’