চাঁদা দিতে হকারদের না করলেন মেয়র সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা ও ফুটপাতে না বসতে এবং কাউকে কোনো প্রকার চাঁদা না দিতে গুলিস্তান এলাকার হকারদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ হকার্স ফেডারেশনের সঙ্গে নগর ভবনের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
সাঈদ খোকন বলেন, গুলিস্তান এলাকাকে ‘ক্লিন গুলিস্তান’ হিসেবে গড়ে তুলতে হকার সমস্যার সমাধানের যাত্রা শুরু হলো। সবার প্রিয় রাজধানীকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
গুলিস্তান এলাকার রাস্তা ও ফুটপাত হকারমুক্ত রাখার লক্ষ্যে হকারদের ব্যবস্থাপনা ও পুনর্বাসনে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমদকে আহ্বায়ক করে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে মেয়রের কাছে এ বিষয়ক প্রতিবেদন দাখিল করবে।
সভায় হকারদের সঠিক তালিকা প্রণয়ন, পুনর্বাসনের জন্য নতুন স্থান নির্ধারণ, পুলিশ বা রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি বন্ধ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।