চাঁদা দিয়ে রাস্তায় চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প সড়ক নির্মাণ না করে নাটোরের গুরুদাসপুর উপজেলার সোনাবাজুতে তুলসীগঙ্গা নদীর ওপরের সেতুটি ভেঙে ফেলায় চার মাস ধরে ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে ভেঙে ফেলা সেতুর পাশেই স্থানীয় লোকজন ইট-সুরকি ফেলে চলাচলের যে রাস্তা তৈরি করেছে, তা পার হতে চাঁদা দিতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নাটোর থেকে দুই কোটি ১০ লাখ টাকায় সোনাবাজুতে একটি সেতু নির্মাণের কাজ পায় নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শরিফুল আলম। গত ফেব্রুয়ারি মাসে নির্মাণকাজ শুরু হয়। আগামী জুনের মধ্যে কাজ শেষ করার কথা।এলাকাবাসী জানায়, সোনাবাজুতে ঝুঁকিপূর্ণ যে সেতুটি ছিল তা গত ফেব্রুয়ারি মাসে ঠিকাদার ভেঙে ফেলার কাজ শুরু করেন। তখন নদীতে পানি না থাকায় সংশ্লিষ্ট ঠিকাদার সেতুর পাশে মাটি ফেলে বিকল্প রাস্তা নির্মাণ করেন। তখন ভটভটি, টেম্পো, মোটরসাইকেল এবং পথচারী চলাচল করতে পারত। এদিকে চলতি বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়ায় ঠিকাদারের করা রাস্তাটি হুমকির মুখে পড়ে। এ কারণে ঠিকাদার রাস্তাটি রক্ষায় কাঠের গুঁড়ি পুঁতে রাখে। এতে পথচারীদের চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। এলাকাবাসী নিরুপায় হয়ে নির্মাণাধীন সেতুর পাশে একটি সাঁকো নির্মাণ এবং ইট-সুরকি ফেলে বিকল্প রাস্তাটি কোনোমতে টিকিয়ে রাখছে। তবে খরচ তুলতে স্থানীয় একটি মহল পথচারীদের কাছ থেকে ওই রাস্তা পার হতে জনপ্রতি দুই টাকা, ভ্যান চার টাকা, মোটরসাইকেল পাঁচ টাকা, টেম্পো থেকে ১০ টাকা করে আদায় করছে। এলাকাবাসীর অভিযোগ, সোনাবাজু গ্রামের ইসাহকের নেতৃত্বে আশরাফ, আবুল, মকবুল জোটবদ্ধ হয়ে এভাবে চাঁদা আদায় করছেন। অভিযুক্ত ইসাহক দাবি করেন, চাঁদা নয়, মাটির রাস্তাটি অপেক্ষাকৃত অনেক নিচু হওয়ায় চলাচলকারী পরিবহন ঠেলে ওপরে তুলতে ওই টাকা নেওয়া হচ্ছে। তবে ১৩ জুলাই এ প্রতিনিধির সামনেই আশরাফ নামের এক ব্যক্তি একটি টেম্পো থেকে ১০ টাকা ও মোটরসাইকেল থেকে পাঁচ টাকা করে আদায় করেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, খুশি হয়ে সবাই দেয়। তবে টেম্পোচালক জিয়া এবং ওই মোটরসাইকেল চালকের অভিযোগ, এভাবে প্রতিদিন তাঁদের চাঁদা গুনতে হয়।গুরুদাসপুরের বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অ্যান্ড বিএম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে গুরুদাসপুর ও বড়াইগ্রামের প্রায় ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিকল্প পথ না থাকায় ভারী যানবাহনকে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে জেলা সদরে যেতে হচ্ছে। এ ব্যাপারে ঠিকাদার মুঠোফোনে বলেন, ‘নির্মাণকাজ বাবদ এক কোটি টাকা বরাদ্দ পেয়েছিলাম। ব্রিজের পাইলিং করতেই তা শেষ হয়ে গেছে। টাকার অভাবে বিকল্প রাস্তা তৈরি করা যাচ্ছে না।সওজ, নাটোরের নির্বাহী প্রকৌশলী এ কে এম গোলাম বলেন, ঠিকাদার বিকল্প রাস্তা না করে সেতু নির্মাণ করতে পারেন না। যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধান করা হবে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সেখানে চাঁদাবাজি হচ্ছে এমন অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।