চাঁদা দেওয়া বন্ধ করে যাত্রীভাড়া কমানোর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সোনারগাঁ উপজেলার তিনটি পথে চলাচলকারী বাঁধন পরিবহনের বাসমালিকেরা এখন থেকে সব ধরনের চাঁদা দেওয়া বন্ধ করে মাথাপিছু যাত্রীভাড়া পাঁচ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানটির কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংশ্লিষ্ট বাসমালিকদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানের সহযোগীরা বাঁধন পরিবহনের কাছ থেকে গত পাঁচ বছরে সাড়ে সাত কোটি টাকা চাঁদা নিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবহনমালিক আনোয়ার প্রধান। উপস্থিত ছিলেন বাসমালিক বাদশা মিয়া, মো. সোহেল, সুলতান আহমেদ, আনোয়ার হোসেন, আক্তার হোসেন প্রমুখ। তাঁরা চাঁদা নেওয়া বন্ধ করে দিয়ে যাত্রীদের ভাড়া কমানোর ঘোষণা দিলেও কবে তা কার্যকর হবে, সে ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেননি।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ২০০৫ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন নিয়ে নারায়ণগঞ্জ থেকে পানাম, পঞ্চমীঘাট ও তাজমহল রুটে বাঁধন পরিবহনের বাস চলাচল শুরু হয়। ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মুক্তার হোসেন এবং তাঁর সহযোগী ইনসান, বেলায়েত, বাচ্চু জবরদস্তিমূলকভাবে পরিবহনটি পরিচালনার দায়িত্ব নেন। এর পর থেকে প্রতিদিন গাড়িপ্রতি এক হাজার ২০০ টাকা হারে চাঁদা আদায় করা হতো। এ ছাড়া শামীম ওসমানের নামেও অতিরিক্ত চাঁদা নেওয়া হতো। কোনো কারণে ৩০টি গাড়ির পরিবর্তে ২০টি বা ১৫টি গাড়ি চলাচল করলেও চাঁদাবাজেরা ৩০টি গাড়ির হিসাবেই প্রতিদিন চাঁদা আদায় করত। এতে সাধারণ মালিকেরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই পথগুলোতে গাড়ির সংখ্যা কমে এখন মাত্র ১৮টিতে দাঁড়িয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে চলাচলকারী আনন্দ পরিবহনের বাসমালিকেরাও গত ৩ অক্টোবর একই ধরনের অভিযোগ করেন। সেদিন সংবাদ সম্মেলনে তাঁরা চাঁদা দেওয়া বন্ধ করে দিয়ে বাসভাড়া যাত্রীপ্রতি দুই টাকা হারে কমানোর ঘোষণা দেন। আনন্দসহ আরও একাধিক পরিবহন কর্তৃপক্ষ ইতিমধ্যে চাঁদা দেওয়া বন্ধ করে দিয়ে মাথাপিছু ভাড়া কমানোর সিদ্ধান্ত কার্যকর করেছে। মুক্তার ও তাঁর সহযোগী কয়েকজনসহ অন্যদের বিরুদ্ধে ৭ অক্টোবর জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১১, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়।
মুক্তার হোসেন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, বাঁধন পরিবহনের সঙ্গে তাঁর কখনো কোনো সম্পর্ক ছিল না। কাজেই চাঁদাবাজির প্রশ্নই ওঠে না।