নাটোরে অবৈধ সংগঠনের নামে অটোবাইকের চালকদের কাছ থেকে চাঁদা আদায় না করার আহ্বান জানিয়েছে নাটোর পৌরসভা। গতকাল সোমবার সকালে শহরের বিভিন্ন সড়কে মেয়রের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। এদিকে গতকাল বিকেল পর্যন্ত শহরের কোথাও অটোবাইকের চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের খবর পাওয়া যায়নি।
অন্তত আটজন পথচারী জানান, সোমবার সকাল থেকে শহরের মাদ্রাসা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশনবাজার ও দুই বাইপাস মোড়ে নাটোর পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়। মাইকে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরীর পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তি, সংগঠন বা পৌরসভার নামে কেউ যেন শহরে চলাচলকারী অটোবাইকের চালকদের কাছ থেকে কোনো ধরনের চাঁদা আদায় না করেন। একই সঙ্গে অটোবাইকের চালকেরাও যেন কাউকে চাঁদা না দেন, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। মেয়রের এই আহ্বান অমান্য করে কেউ চাঁদা আদায় করলে বা দাবি করলে, তাকে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করারও পরামর্শ দেওয়া হয়।
এদিকে এ মাইকিংয়ের পর শহরের পূর্ব বাইপাস, মাদ্রাসা মোড়, কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড, হাফ রাস্তা, স্টেশনবাজার ও পশ্চিম বাইপাসে গতকাল সারা দিন কাউকে চাঁদা আদায় করতে দেখা যায়নি। অটোবাইকের আটজন চালক জানান, গতকাল কেউ চাঁদা আদায় করার জন্য তাঁদের অটোবাইক থামাতে বলেননি। এতে তাঁরা খুশি। কার্তিক চন্দ্র নামের অটোবাইকের একজন চালক জানান, তিনি সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শহরে যাত্রী পরিবহন করেছেন। কোথাও কেউ তাঁর কাছ থেকে চাঁদা দাবি করেননি। আর চাঁদা না দেওয়ার ব্যাপারে তিনি মেয়রের মাইকিং শুনেছেন। একইভাবে শহরের পাঁচটি মোড়ের অটোবাইকের ১০ জন চালক জানান, সোমবার কোথাও অটোবাইকে চাঁদাবাজি হয়নি।
নাটোর সদর অটোবাইকচালক সমিতির নামে কিছুদিন ধরে শহরে অটোবাইকের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। এর প্রতিবাদে গত রোববার অটোবাইকের চালকেরা সদর থানা ঘেরাও এবং শহরে মিছিল বের করেন। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় ‘প্রতিবাদে মালিক-চালকদের থানা ঘেরাও, বিক্ষোভ’ শিরোনামে খবর ছাপ হয়।