চাঁদা না দিয়ে মামলা করায় গৃহবধূর ওপর নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দিয়ে মামলা করে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের গৃহবধূ শাহানারা বেগম (৩৫)। মানিকগঞ্জ সদর থানা ও নির্যাতিত নারীর পারিবারিক সূত্র গতকাল বৃহস্পতিবার জানায়, বাঘুটিয়া গ্রামের ইউনুস দেওয়ান গত জানুয়ারিতে তাঁর স্ত্রী শাহানারা বেগমের নামে ঘিওর উপজেলার সুফিয়া বেগমের কাছ থেকে নিজের গ্রামেই ২৬ শতাংশ জমি ক্রয় করেন। জমি হস্তান্তরের পর সুফিয়ার ভাই পান্নু তাঁর কাছে কম দামে ওই জমি বিক্রি করতে ইউনুস দেওয়ানকে চাপ দেন। ইউনুস জমি বিক্রি করতে রাজি না হওয়ায় পান্নুর ইন্ধনে বাঘুটিয়া এলাকার রুমেল নামে এক যুবক ইউনুসের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দাবি নিয়ে ২৬ ফেব্রুয়ারি বিকেলে গ্রাম্য সালিস বসে। সালিসে বিষয়টি মীমাংসা করা হয়। ওই দিনই সন্ধ্যায় রুমেল আবার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুমেল ও তাঁর লোকজন ইউনুস এবং তাঁর ছেলে সোহেলকে মারধর করে। এ ঘটনায় ইউনুস দেওয়ান বাদী হয়ে গত সোমবার মানিকগঞ্জ সদর থানায় রুমেলসহ ১২ জনকে আসামি করে মামলা করেন। এর পর থেকে মামলা তুলে নিতে ইউনুসনকে ভয়ভীতি দেখানো হয়। গত বুধবার সন্ধ্যার পর রুমেলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী ইউনুস দেওয়ানের বাড়িতে হামলা চালায়। ইউনুস পালিয়ে গেলেও হামলাকারীরা ইউনুসের স্ত্রী শাহানারাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহানারাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।