চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন বাড়ির চার শ্রমিককে কুপিয়ে জখম
পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজারে একটি নির্মাণাধীন বাড়ির চার শ্রমিককে কুপিয়েছে সন্ত্রাসীরা। আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।।
পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে চার-পাঁচজন সন্ত্রাসী অস্ত্র হাতে ২৯/১ পূর্ব তেজতুরিবাজারের বাসিন্দা চিকিত্সক আনিছুর রহমানের নির্মাণাধীন বাড়িতে ঢোকে। কোনো কথা ছাড়াই সন্ত্রাসীরা কর্মরত চার নির্মাণশ্রমিক সেলিম মিয়া, রাশেদুল ইসলাম, আবু তাহের ও শফিকুল ইসলামকে কোপায়। একপর্যায়ে তারা বাড়ির নিরাপত্তাকর্মীকে তেজগাঁওয়ের সন্ত্রাসী আশিকের একটি মোবাইলের নম্বর দিয়ে বাড়ি মালিককে ওই নম্বরে যোগাযোগ করতে বলে। এ ঘটনার পর তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চিকিত্সক আনিছুর রহমানের স্ত্রী মোবাশ্বেরা বেগম অভিযোগ করেন, নির্মাণশ্রমিকদের ওপর হামলার কিছুক্ষণ পর সন্ত্রাসী আশিক ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা চান। চাঁদা না দেওয়া হলে তাঁদের একমাত্র ছেলে এ বি এম আমিনুর রহমানকে মেরে ফেলার হুমকি দেন তিনি। ফোনে হুমকি দিয়ে আশিক বলেন, এর আগে আমি তেজতুরি বাজারের কলার আড়তদার তোরাব আলীকে গুলি করে মেরেছি, এতে আমার কিছুই হয়নি।
মোবাশ্বেরা জানান, একমাত্র ছেলের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীন তিনি। তিনি বলেন, ‘গত মার্চে বাড়ি নির্মাণের কাজে হাত দেওয়ার পর সন্ত্রাসী আশিক দফায় দফায় চাঁদা চেয়ে আসছেন। এ ঘটনায় তেজগাঁও থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁরা। র্যাব সদর দপ্তর ও পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশের এডিসির (অতিরিক্ত উপকমিশনার) কাছে ধরনা দিয়েও কোনো প্রতিকার পাননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী আশিক বাহিনীর পরিচয়ে চাঁদা চাওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।