চাঁদা না দেওয়ায় সাব-রেজিস্ট্রি কার্যালয় বন্ধ করলেন আ.লীগের নেতারা
ইফতার মাহফিলে চাঁদা দিতে অস্বীকার করায় আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম আওয়ামী লীগের নেতা-কর্মীরা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনাব্বর হোসেন আজ দুপুর ১২টার দিকে কয়েকজন কর্মী নিয়ে উপজেলা সাব রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে চাঁদা দাবি করেন। ওই সময় সাব-রেজিস্ট্রার আবদুল হাকিম অফিসে ভূমি নিবন্ধনের কার্যক্রম পরিচালনা করছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে মারধরের হুমকি দিয়ে গালাগালি করেন। একপর্যায়ে তাঁরা ভূমি নিবন্ধনের কার্যক্রম বন্ধ করে দেন। পরে সাব-রেজিস্ট্রারকে এজলাস থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন তাঁরা। পরে তিনি আর এজলাসে বসতে পারেননি।
সাব-রেজিস্ট্রার আবদুল হাকিম প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইফতার মাহফিলের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা গালাগালি শুরু করেন। একপর্যায়ে তাঁরা ভূমি নিবন্ধনের কাজে বাধার সৃষ্টি করেন। তাঁদের বাধার কারণে আমি ভূমি নিবন্ধনের কাজ বন্ধ করে এজলাস ছেড়ে যেতে বাধ্য হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এ ব্যাপারে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনাব্বর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দলের ইফতার মাহফিলে সাব-রেজিস্ট্রারকে দাওয়াত দিয়ে আর্থিক সহায়তার অনুরোধ জানাতে গিয়েছিলাম। স্থানীয় আওয়ামী লীগে দ্বন্দ্ব থাকায় প্রতিপক্ষ ঘটনাটিতে রং মিশিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।’
হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ইফতার মাহফিলের প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা নিতে গেলে দলীয় কর্মীদের সঙ্গে সাব-রেজিস্ট্রারের কিছু কথা-কাটাকাটি হয়। তবে ভূমি নিবন্ধনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ঠিক নয়।’