চাঁদা না দেওয়ায় অটোচালককে মারধর প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় এক চালককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন উপজেলা অটোবাইকের চালকেরা।
এ সময় বিক্ষুব্ধ চালকেরা শহরের আলোবাগ মোড়ে ঈশ্বরদী-পাবনা সড়কে কিছু সময়ের জন্য অটোবাইক চলাচল বন্ধ রাখেন।
অটোবাইকের চালকেরা জানান, ঈশ্বরদী উপজেলায় ৭৫০টি অটোবাইক রয়েছে। এর মধ্যে ৫৫০টি অটোবাইক মালিক সমিতির তালিকাভুক্ত। মালিক ও শ্রমিকের কল্যাণের অজুহাত দেখিয়ে এসব অটোবাইক থেকে দৈনিক ১০ টাকা হারে চাঁদা তোলা হয়। এ ছাড়া অটোবাইক কেনার পর সদস্যপদ পেতে প্রত্যেক মালিককে ১৫০০ টাকা চাঁদা দিতে হয় অটোবাইক মালিক সমিতিকে। তাঁরা এই চাঁদার প্রতিবাদ করে আসছিলেন।
অটোবাইক মালিক সমিতির দৈনিক চাঁদা না দেওয়ায় গত সোমবার রাতে সমিতির কার্যালয়ে শামীম বিশ্বাস নামে একজন অটোচালককে ডেকে এনে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। মালিক সমিতির কয়েকজন সদস্য চালককে নির্যাতন করেন।
শামীম বিশ্বাস অভিযোগ করেন, তাঁকে কার্যালয়ে নেওয়ার পর মালিক সমিতির সদস্যরা চাঁদা দেওয়ার জন্য চাপ দেন। চাঁদা না দিতে চাইলে তাঁকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। ঘণ্টা খানেক পর তাঁর একজন আত্মীয় এসে তাঁকে উদ্ধার করেন।
অটোবাইক চালক সমিতির সভাপতি মজিবর রহমান অভিযোগ করেন, ঘটনা প্রতিবাদে তাঁরা শহরে মাইকিং করার জন্য বের হলে গতকাল বিকেলেও মালিক সমিতির সদস্যরা শফিকুল ইসলাম নামে অপর এক চালককে মারপিট করে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
উপজেলা অটোবাইক মালিক সমিতির সভাপতি আশরাফুল আবেদীন প্রথম আলোকে জানান, চাঁদার কোনো ঘটনা নয়। সোমবার সন্ধ্যায় চালক শামীম বিশ্বাস মদ খেয়ে মাতাল অবস্থায় মালিক সমিতির নামে অকথ্য গালিগালাজ করছিলেন। এ জন্য তাঁকে ডেকে এনে শাসন করা হয়।