চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করল ছাত্রলীগ?
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ ডরমিটরি নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট কাজের ঠিকাদার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বিষয়টি জানান।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক আসাদুজ্জান গণি বলেন, বিশ্ববিদ্যালয়ের দুটি চারতলা ডরমিটরির নির্মাণকাজ চলাকালে গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে কয়েকজন চাঁদা দাবি করেন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আল আমিন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন৷ এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কাজ বন্ধ করে দেন৷
শিক্ষা ও প্রকৌশল বিভাগ রংপুর কার্যালয় জানায়, এক কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের দুটি ডরমিটরি ভবন নির্মাণের কাজ চলছে। গত বছরের ১৩ ডিসেম্বর নির্মাণকাজ শুরু করা হয়। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে৷ তবে বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন পর্যন্ত কাজের প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। চাঁদা দাবির ঘটনায় এ নিয়ে নির্মাণকাজ দুবার বন্ধ করা হলো।