চাঁদা না দেওয়ায় গরু-মহিষ লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদার টাকা না পেয়ে গত বৃহস্পতিবার রাতে নাটোরের সিংড়া উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের কৃষক জুব্বার প্রামাণিকের চারটি গরু ও দুটি মহিষ লুটে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ওই কৃষকের বাড়ির সামনের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় তারা। বক্কার বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বক্কার বাহিনীর প্রধান আবু বক্কার অভিযোগ অস্বীকার করেছেন।সিংড়া থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঁচটি হত্যাসহ ১২ মামলার আসামি আবু বক্কার এক বছর জেল খেটে গত বৃহস্পতিবার বের হন। দলবল নিয়ে রাতে কৃষক জুব্বার প্রামাণিকের বাড়িতে যান। আবু বক্কার ওই কৃষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘদিন হাজতে থাকায় তাঁর বহু টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ বাবদ তিনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন।