চাঁদা না দেওয়ায় চার দিন ধরে দোকান বন্ধ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চাঁদা না দেওয়ায় চার দিন ধরে মিষ্টির দোকান বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে দোকানের মালিক ও কর্মচারীদের মারধরও করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা বাজারের সালমান খাঁন মিষ্টান্ন ভান্ডারের মালিক মাহবুবুল আলম খানের কাছে গত মাসের শেষ দিকে স্থানীয় সুলতান মেম্বরের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। গত বৃহস্পতিবার রাতে তারা চাঁদার টাকা নিতে আসে। টাকা না দেওয়ায় তারা মাহবুবুলকে মারধর করে। এ সময় দোকানের কর্মচারী রঞ্জিত কুমার ও মাহবুবুলের ছেলে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদেরও পিটিয়ে আহত করে। একপর্যায়ে দুর্বৃত্তরা দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা, ফ্রিজ ও জেনারেটর নিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা চাঁদা না দেওয়া পর্যন্ত দোকান না খোলার হুমকি দিয়ে যায়। মাহবুবুল আলম খান অভিযোগ করেন, ঘটনার সময় দুর্বৃত্তরা পিস্তলের দুটি ফাঁকা গুলি ছুড়েছিল। তাই ভয়ে দোকান বন্ধ রেখেছি।
সুলতান মেম্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ভাটারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওয়ারেছ আলী ফকির জানান, শিগগিরই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।