চাঁদা না দেওয়ায় চারজনকে কুপিয়ে জখম!
চাঁদা দাবি করে না পেয়ে একদল সন্ত্রাসী লক্ষ্মীপুর সদর উপজেলার রাধাপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা ওই মুক্তিযোদ্ধা, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে জখম করে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—সদর উপজেলার রাধাপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ (৭৫), তাঁর স্ত্রী আমেনা বেগম (৬০), ছেলে মো. মোস্তফা (৩৫) ও মেয়ে কাউছার আক্তার পারুল (২৫)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তোফায়েল আহম্মদ অভিযোগ করেন, ‘রাধাপুর গ্রামের অলি, জামাল, ওহাব ও ময়না এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কিছুদিন আগে আমি মাদক বিক্রিতে বাধা দিলে তারা আমাকে হত্যা করার হুমকি দেয়। সম্প্রতি আমার ছেলে মোস্তফা বিদেশ থেকে বাড়িতে আসে। ওই মাদক ব্যবসায়ীরা তাঁর (মোস্তফা) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা শুক্রবার রাতে অজ্ঞাতনামা ৮-১০ জন সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমাকে ও আমার স্ত্রী, পুত্র-কন্যাকে কুপিয়ে আহত করে।’অলি, জামাল, ওহাব ও ময়নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসমীন জানান, এ ঘটনায় মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।