চাঁদা না দেওয়ায় ছয় ব্যবসায়ীর দোকান বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজারের ছয়জন ব্যবসায়ী দোকান খুলতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হলেন: পেড়লী গ্রামের মোরশেদ হোসেন মোল্লা, ফোরকান শেখ, রাঙা মিয়া শেখ, ধলা শেখ, হাসান শেখ ও আফজাল শেখ।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ওই ব্যবসায়ীরা দোকান খুলতে গেলে পেড়লী ইউনিয়ন যুবলীগের নেতা মিরাজ মোল্লা (৩২) ও মিজাই মোল্লার নেতৃত্বে কয়েকজন তাঁদের ওপর হামলা করেন। ব্যবসায়ী ফোরকান শেখ জানান, মিরাজ মোল্লা ও মিজাই মোল্লা গত বছর তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। জীবনের ভয়ে তাঁদের ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গেলে সন্ত্রাসীরা বাকি ৫০ হাজার টাকা দিতে বলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পুলিশের উপস্থিতিতে তাঁরা হামলা করেন। ব্যবসায়ী রাঙা মিয়া বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাজারে দোকান খুলতে গেলে ক্ষমতাসীন দলের কয়েকজন আমাকেও ধাওয়া করে।’ তিনি জানান, ব্যবসায়ী ধলা শেখ, আফজাল শেখ, হাসান শেখ দোকান খুলতে পারছেন না। মোরশেদ হোসেন মোল্লা বলেন, ‘সন্ত্রাসীরা আমার দোকানের ম্যানেজারকে দোকান না খোলার জন্য শাসিয়ে দিয়েছে।’মিজাই মোল্লা দাবি করে বলেন, ‘মিরাজ মোল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি আর আমি সহসভাপতি। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাঁরা ষড়যন্ত্রমূলকভাবে এসব কথা রটাচ্ছেন।’ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী জানান, মিরাজ মোল্লা ও মিজাই মোল্লা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেছে বলে যে অভিযোগ, তা সঠিক নয়। ব্যবসায়ীরা নিজেরাই ইচ্ছা করে দোকান খুলছেন না।পেড়লী বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শচীন্দ্রনাথ দাস জানান, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হয়েছে কি না, এ ধরনের কোনো অভিযোগ কেউ করেননি।