চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে পুলিশের মারধর!
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে গতকাল শুক্রবার চাঁদা না দেওয়ায় পুলিশের এক কনস্টেবল এক ট্রাকচালককে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ট্রাকচালক মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমদানি করা তুলাবোঝাই ট্রাক নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। গতকাল সকাল সাতটার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে নদী পার হওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় দৌলতদিয়া নৌ-ফাঁড়ির কনস্টেবল শমসের আলী তাঁর কাছে ২০০ টাকা চাঁদা দাবি করেন।মিজানুরের অভিযোগ, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে কনস্টেবল শমসের তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে তাঁর চোখ ও মুখমণ্ডল গুরুতর জখম হয়। পরে তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, ট্রাকচালক মিজানুর চোখে সামান্য আঘাত পেয়েছেন। কিন্তু তাঁর মুখমণ্ডলে গুরুতর জখম হয়েছে। তাঁকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে শমসের আলী বলেন, ‘কাগজপত্র যাচাই করার সময় লাঠির সামান্য আঘাত লেগেছে।’