চাঁদা না দেওয়ায় তিন ইজারাদারকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩
চাঁদা দিতে অস্বীকার করায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হাটের তিন ইজারাদারকে গত মঙ্গলবার কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির এক সদস্য এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।গুরুতর আহত উপজেলার ভবেরচর হাটের ইজারাদার মো. কামরুল হাসানকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ভবেরচর হাটের ইজারাদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজারাদার কামরুল হাসান কয়েকজন সহযোগীকে নিয়ে গত মঙ্গলবার হাটে ইজারা সংগ্রহ করছিলেন। এ সময় উপজেলা যুবলীগের সদস্য নাছির তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন নাছির ও তাঁর সহযোগীরা। এ সময় কামরুলকে উদ্ধার করতে গিয়ে তাঁদের অস্ত্রের আঘাতে আহত হন আরও দুজন ইজারাদার। একপর্যায়ে নাছির ও তাঁর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।এ ঘটনায় হাটের ইজারাদারদের পক্ষে ইউসুফ ফকির বাদী হয়ে ওই দিন রাতেই গজারিয়া থানায় একটি মামলা করেন। উপজেলা যুবলীগের সদস্য নাছির উদ্দিন ছাড়াও ওই মামলায় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এমারত হোসেন গতকাল বুধবার জানান, থানায় মামলা হওয়ার পর নাছিরের সহযোগী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন তৌহিদ পাঠান (৩৩), আল-আমীন (২৭) ও মানিক (২৫)। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।