চাঁদা না দেওয়ায় দুই ব্যবসায়ীকে গুলি
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আসবাব ব্যবসায়ী নাজমুল ইসলাম (২৫) ও তাঁর বন্ধু চাল ব্যবসায়ী নাহিদ হোসেনকে (২৫) গুলি করে আহত করেছে। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর বাড্ডায় এ ঘটনা ঘটে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উত্তর বাড্ডার আলী মোড়ে নাজমুল ইসলামের আসবাবের (ফার্নিচার) দোকানে তাঁর বন্ধু নাহিদ হোসেন কথা বলছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী এসে নাজমুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। শরীরে একাধিক গুলি লেগে নাজমুল ও নাহিদ লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও নাজমুলকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।এ প্রসঙ্গে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী গত মঙ্গলবার আসবাব ব্যবসায়ী নাজমুলের কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়েই সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। এতে ঘটনাস্থলে উপস্থিত নাহিদ আহত হন। ওসি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।