চাঁদা না দেওয়ায় পেট্রলপাম্পে ভাঙচুর, তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে নূরজহান ফিলিং স্টেশনে চার দিন ধরে তালা দিয়ে রেখেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত উপজেলার পোগলদিঘা ইউনিয়নের নূরজাহান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জুয়েল মিয়ার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা পাম্পের কাচের দরজা-জানালা ভাঙচুরসহ জুয়েল মিয়াকে অস্ত্র ঠেকিয়ে ৬০ হাজার টাকা লুট করে। পরে যাওয়ার সময় তারা পাম্পে তালা ঝুলিয়ে যায়। পাম্পের মালিক জহরুল ইসলাম অভিযোগ করেন, সন্ত্রাসীরা চার দিন ধরে পাম্পে তালা ঝুলিয়ে রেখেছে। তিনি পরিবার নিয়ে হুমকির মধ্যে রয়েছেন। তাঁকে অনবরত ফোন করে চাঁদার জন্য হুমকি দেওয়া হচ্ছে।পাম্পের ব্যবস্থাপক জুয়েল মিয়া বলেন, ‘আমি টাকা না দেওয়ায় পাম্পে ভাঙচুর করে সন্ত্রাসীরা। পরে তারা ক্যাশ থেকে ৬০ হাজার টাকা লুট করে আমাকে বের করে পাম্পে তালা ঝুলিয়ে যায়।’সরিষাবাড়ীর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে তাঁর কাছে কেউ আসেনি। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, পাম্প ভাঙচুরের ঘটনা তিনি শুনেছেন এবং পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন।