চাঁদা না দেওয়ায় প্রকল্প প্রকৌশলীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক প্রকল্প প্রকৌশলীকে পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই প্রকৌশলী মো. নজরুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত প্রকৌশলী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘ইউনিভার্সিটি সেন্টার’ এর কাজ পায় মেসার্স মালিথা ট্রেডার্স নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা ওই প্রতিষ্ঠানের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর বিকেলে ইউনিভার্সিটি সেন্টারের প্রকল্প প্রকৌশলী মো. নজরুল ইসলামকে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) কক্ষে ডেকে নিয়ে যান ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সামছুজ্জামান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক (বর্তমানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি) নাঈম হাসান, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান খান, মাহিবুল হাসানসহ বেশ কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা নজরুল ইসলামকে অবিলম্বে দাবি করা চাঁদা মালিথা ট্রেডার্সের কর্ণধার মো. হাবিবুর রহমান মালিথার কাছ থেকে নিয়ে দিতে বলেন।নজরুল ইসলাম তা করতে অস্বীকৃতি জানালে ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় তাঁরা নজরুলকে ‘তুই কালকে থেকে ক্যাম্পাসে থাকতে পারবি না, তোকে ক্যাম্পাসে দেখলে কুপামু...’ বলে হুমকি দেন। পরদিন মঙ্গলবার বিকেলে বিষয়টি নিয়ে হাবিবুর রহমান মালিথা ছাত্রলীগের নেতাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কিন্তু হাবিবের কথায় ছাত্রলীগের নেতারা সন্তুষ্ট না হওয়ায় পরদিন বুধবার রাত সাড়ে ১০টার দিকে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের নিচতলায় ওই প্রকৌশলীর কক্ষে যান। এ সময় ছাত্রলীগের কর্মীরা নজরুলকে ‘তুই সামছুজ্জামানরে কী কইছোছ?’ বলেই মারধর শুরু করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশ পাঠান। পরে পুলিশের সহযোগিতায় নজরুল ইসলামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্নি ডাক্তার মনোয়ার কালাম বলেন, ভর্তির সময় নজরুল ইসলামের বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।মেসার্স মালিথা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান মালিথার কাছে চাঁদা দাবি ও মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সামছুজ্জামান ও তাঁর সঙ্গের মাহিবুল হাসান, কামরুজ্জামান, আসাদুজ্জামান ও নাঈম আমার কাছে চাঁদা দাবি করেছেন। চাঁদা না পেয়ে তাঁরা আমার প্রকল্প প্রকৌশলীকে মারধর করিয়েছেন।’ এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের জালালাবাদ থানায় মামলা করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সামছুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কারও কাছে আমি চাঁদা চাইনি। আর মারধরের ব্যাপারেও আমাদের সম্পৃক্ততা নেই।’