চাঁদা না দেওয়ায় বন্ধুসভার সদস্যকে কুপিয়ে জখম
চাঁদা দিতে রাজি না হওয়ায় প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরার সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদকে (২২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের মেহেদিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মাহফুজ আহমেদ অভিযোগ করেন, তাঁরা কয়েক বন্ধু মিলে মেহেদিবাগ এলাকায় সৃজনশীল স্টাডি নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করছেন। মেহেদিবাগ এলাকার সুবজ, ছোট সবুজ, তৌহিদুর রহমান ও মুন্নাসহ কয়েকজন মঙ্গলবার কোচিং সেন্টারে এসে তাঁদের কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাইরে বের হলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেন তাঁরা। এ অবস্থায় তিনি বুধবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সাতক্ষীরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বিস্তারিত জানান। পুলিশ সুপার সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে দ্রুত খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মাহফুজ আরও জানান, বিকেল পৌনে ছয়টার দিকে তিনি কোচিং সেন্টার থেকে বাইরে বের হলে সবুজের নেতৃত্বে উল্লিখিত ছয়-সাতজন দা ও লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁরা তাঁর ডান পায়ের হাঁটুর নিচে ও বাঁ পায়ের উরুতে দা দিয়ে কয়েকটি কোপ মারে এবং শরীরের বিভিন্ন স্থান পিটিয়ে থেঁতলে দেন। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে এক নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ মো. হাসানুজ্জামান বলেন, মাহফুজ এখন শঙ্কামুক্ত। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, তিনি এলাকায় পুলিশ পাঠিয়েছিলেন। কিন্তু তারা পৌঁছানোর আগেই ঘটনা ঘটে যায়। এ ঘটনায় মাহফুজের মা আনোয়ারা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।