চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে চাঁদা না পেয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং একটি প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন আইয়ুব আলী ওঝা, ইউনুচ মোল্লা ও লোকমান মৃধা। আইয়ুব আলী জানান, নিজের জমিতে আধা পাকা ভবন নির্মাণ করে ১৯৯৮ সাল থেকে ওই বাজারে তিনি ব্যবসা করে আসছেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের শাহাবুদ্দিন আকনের (৩৫) নেতৃত্বে কয়েকজন তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গতকাল সকাল ১০টার দিকে শাহাবুদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যান। ওই সময় ইউনুচ মোল্লা ও লোকমান মৃধার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন জোড়া খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও যুবলীগের কর্মী। উচ্চ আদালত থেকে তিনি বর্তমানে জামিনে আছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।