চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে আসামি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় করা মামলার এক আসামি অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ায় তাঁকে আসামি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এইচ এম সোহরাব মোস্তফা নামের এক ব্যবসায়ী।
গত ৩১ জুলাই চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা নিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ও চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফার অনুসারীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় নুরুল মোস্তফার অনুসারী ও চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা সুভাষ মল্লিক চকবাজার থানায় একটি মামলা করেন।
সংঘর্ষের ঘটনার সঙ্গে সম্পর্ক নেই দাবি করে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার ব্যবসায়ী এইচ এম সোহরাব মোস্তফা বলেন, ‘কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠানে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ পরিচয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা চাঁদা দিতে রাজি হইনি। আমরা ধারণা, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি করতে আসা ব্যক্তিরা আমাকে এই মামলায় জড়িয়ে দিয়েছেন।’
যোগাযোগ করা হলে মামলার বাদী সুভাষ মল্লিক চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের দিন তিনি নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী মাহমুদুল করিমের সঙ্গে ছিলেন। উনি (সোহরাব মোস্তফা) যদি ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকেন, তাহলে সেদিন ওখানে কেন ছিলেন? আমরা নিরীহ কাউকে ফাঁসাইনি।’
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, তিনি সোহরাব মোস্তফা নামের কাউকে চেনেন না।
এ প্রসঙ্গে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ীকে আসামি করার বিষয়টি তদন্ত করে দেখা হবে।’