চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে।ওই ব্যবসায়ীর নাম কামরুল ইসলাম মোড়ল। তিনি গত ৪ মে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের চাচাতো ভাই। কামরুল ইসলামের স্ত্রী জোছনা বেগম অভিযোগ করেন, সন্ত্রাসীরা সম্প্রতি মুঠোফোনে তাঁর স্বামীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। যথাসময়ে ধার্যকৃত চাঁদা না দেওয়া হলে কামরুলকে তাঁর ভাইয়ের মতো হত্যা করার হুমকিও দেওয়া হয়। হুমকি পাওয়ার পর অভয়নগর থানার পুলিশকে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়। এতে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, ‘চাঁদার বিষয়ে ব্যবসায়ী কামরুল ইসলাম আমাদের লিখিতভাবে জানিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছিলাম। এ সময়ের মধ্যে এ বোমা হামলার ঘটনা ঘটেছে। এটা ভয় দেখানোর জন্যও করা হয়ে থাকতে পারে। বোমা হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’