চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখীল গ্রামের ব্যবসায়ী আবু ছিদ্দিকের বাড়িতে বুধবার রাতে সন্ত্রাসী হামলা ও গুলি ছোড়া হয়েছে। স্থানীয় শামীম বাহিনীর সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।আবু ছিদ্দিকের স্ত্রী খাদিজা বেগম জানান, রাত নয়টার দিকে শামীম বাহিনীর প্রধান শামীম, আবু তাহের, মাছুম বিল্লাহ, দেলু, শাহজাহানসহ নয়-দশজনের একটি সশস্ত্র দল তাঁদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা ঘরে ঢুকে তাঁর স্বামীকে খুঁজতে থাকে। কিন্তু তাঁকে না পেয়ে তারা তাঁর কলেজপড়ুয়া মেয়ে ও তাঁকে (খাদিজা বেগম) মারধর করে। এ সময় তাঁরা চিৎকার শুরু করলে সন্ত্রাসীরা তিনটি ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে।ব্যবসায়ী আবু ছিদ্দিক মুঠোফোনে অভিযোগ করেন, সন্ত্রাসী শামীম তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছেন। কিছুদিন আগে এর জন্য তাঁকে মারধরও করা হয়। ভয়ে তিনি বাড়িতে থাকতে পারছেন না।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। শামীমের বিরুদ্ধে ১৩-১৪টি মামলা থাকার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ অস্বীকার করে শামীম বাহিনীর প্রধান শামীম প্রথম আলোকে বলেন, ‘হামলার ঘটনা সত্য নয়। তবে ওই ব্যবসায়ীর ঘরে সন্ত্রাসীরা জড়ো হয়েছে খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম।’ দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি। একাধিক মামলা থাকার পরও শামীমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এ প্রশ্নে পুলিশ কর্মকর্তা বলেন, এসব মামলায় তিনি জামিনে রয়েছেন।