চাঁদা না দেওয়ায় সংস্কার কাজ বন্ধের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবন, রাস্তা, পানি ও বিদ্যুতের লাইন সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী এ কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে ঠিকাদারেরা তাঁকে জানিয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠিকাদারদের সূত্রে জানা যায়, ওই কাজের জন্য ২০১৬-২০১৭ অর্থবছরে তিনটি প্রকল্প বাস্তবায়নে ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। চলতি অর্থবছরে প্রকল্প তিনটি বাস্তবায়নে দরপত্র আহ্বান করে বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর। সায়হাম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ ভবন সংস্কারে কার্যাদেশ দেওয়া হয়। তারা গত জুলাইয়ের মাঝামাঝি কাজ শুরু করে। বাকি কাজ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান জে আর বিল্ডার্সকে।

সায়হাম এন্টারপ্রাইজের প্রতিনিধি ও নির্মাণশ্রমিক মো. রুবেল মিয়া গতকাল শনিবার বলেন, সংস্কারকাজ শুরুর ৩-৪ দিন পর কয়েকজনযুবকএসে কাজ বন্ধ করতে বলে যান। এরপরও কাজ চালিয়ে গেলে গত সোমবার ওই ব্যক্তিরা এসে গালাগাল করে কাজ বন্ধ করে দেন।

প্রতিষ্ঠানটির মালিক আবুল হোসেন বলেন, ছাত্রলীগের নেতা সাগর সেরনিয়াবাতসহ কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করেন। তা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

জে আর বিল্ডার্সের মালিক মো. ফয়সাল বলেন, ‘চাঁদা না দিলে যদি কাজ করতে না দেওয়া হয়, তাহলে করব না। বিষয়টি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি।’

সাগর সেরনিয়াবাত আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘চাঁদা দাবির অভিযোগ ঠিক নয়। নিম্নমান ও শিডিউল-বহির্ভূত কাজ করায় আমরা এর প্রতিবাদ করি। এ কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেনকাজ বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, সেবামূলক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে এসে এ ধরনের সমস্যা কাম্য নয়, এতে সরকারি উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।