চাঁদা না দেওয়ায় হাটের টোল আদায়ে বাধা
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাত্রলীগের নেতারা চাঁদা না দেওয়ায় স্থানীয় এক হাটের ইজারাদারকে টোল আদায়ে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
ইজারাদার মো. আবুল বাশার এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, পুলিশ সুপার মনিরুজ্জামান ও সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন৷
অভিযোগে ইজারাদার উল্লেখ করেন, বাংলা ১৪২১ সনের পয়লা বৈশাখ থেকে রাজাপুর ও পশ্চিম ইলিশা ইউনিয়নের মধ্যবর্তী স্থান নন্দনপুর-শ্যামপুর ক্লোজার বাজারের ইজারা নেন আবুল বাশার৷ পয়লা বৈশাখ থেকে তিনি টোল তুলতে গেলে রাজাপুর (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা তাঁকে বাধা দেন৷
নিজাম উদ্দিন ও নাছির উদ্দিন বলেন, ইজারাদার পশ্চিম ইলিশা ইউনিয়নের নন্দনপুর-শ্যামপুর হাটের নন্দনপুর অংশ ইজারা নিয়েছেন, রাজাপুর ইউনিয়নের শ্যামপুর অংশ নেননি৷ নেতারা রাজাপুরের শ্যামপুরের অংশ থেকে তাঁদের ইজারার অর্থ তুলতে বলেছেন৷