চাঁদা না পেয়ে বাস চলাচল বন্ধ করে দিলেন আ.লীগ কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে চার দিন ধরে বাস চলাচল বন্ধ হয়ে আছে। এতে কুলিয়ারচরসহ অষ্টগ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিবহন ব্যবসায়ীরা বলেন, চাহিদামতো চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর আগেও কুলিয়ারচর থেকে একাধিক পরিবহন বাস ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত। বর্তমানে স্বপ্নবিলাস পরিবহনের বাস ছাড়া আর কোনো বাস চলাচল করছে না। বর্তমানে বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার করে আছেন নূর আলম ও শের আলম নামে আওয়ামী লীগের দুই কর্মী। তাঁরা সম্পর্কে আপন ভাই। নূর আলম ও শের আলম আরও কিছু ব্যক্তিকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছেন। তাঁরা স্বপ্নবিলাস পরিবহন থেকে আর্থিক সুবিধা ভোগ করে আসছেন। স্বপ্নবিলাস কর্তৃপক্ষ বাধ্য হয়ে দুই ভাইকে চাকরিও দেয়। এতেও তাঁদের মন ভরেনি। তাঁরা চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়ার দাবি জানান। কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার নূর আলম ও শের আলমের নেতৃত্বে কিছু ব্যক্তি কাউন্টারে গিয়ে তাঁদের চাহিদা পূরণ না করা পর্যন্ত বাস চালাতে বারণ করে দিয়ে আসেন। এর পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
কুলিয়ারচর বাসস্ট্যান্ডে গিয়ে সোমবার দুপুরে দেখা যায়, স্বপ্নবিলাস বাস সার্ভিসের কাউন্টার তালাবদ্ধ। ব্যাগ হাতে কয়েকজন অপেক্ষমাণ যাত্রীর দেখা পাওয়া যায়। সরাফত আলী (৪০) নামে অষ্টগ্রামের এক যাত্রী বলেন, ‘অষ্টগ্রামবাসীকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হলে কুলিয়ারচর থেকে বাসে উঠতে হয়। আড়াই ঘণ্টা লঞ্চে করে কুলিয়ারচরে এসে জানতে পারি, বাস চলছে না। এখন কী করব বুঝতে পারছি না।’
মিলন মিয়া নামে স্বপ্নবিলাসের এক কর্মী বলেন, ‘মনমতো চাঁদা দিতে পারি নাই, এই কারণে বাস চলাচল বন্ধ করে দিছে নূর আলম ও শের আলম।’ পরিবহনটির কাউন্টার পরিচালক শাহাদাত আলীও একই অভিযোগ করে বলেন, ‘দলীয় প্রভাব খাটিয়ে দুই ভাই কাউন্টার থেকে ইচ্ছামতো টাকা নিয়ে যেতে চায়। তাঁদের ইচ্ছা পূরণ করলে মালিকপক্ষ কোনো দিন লাভের মুখ দেখতে পারবে না।’
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে শের আলম বলেন, ঈদের পর পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে চাইলে তাঁরা বাধা দেন। তাঁদের বাধার কারণে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পেরে পরিবহন মালিকেরা কুলিয়ারচরের বদলে ভৈরব থেকে বাস চালাচ্ছেন। তাঁর দাবি, মালিকেরা নিজেদের স্বার্থেই কুলিয়ারচর থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, ‘নূর আলম ও শের আলম উপজেলা আওয়ামী লীগের সদস্য। তবে তাঁরা কারও কাছে গিয়ে চাঁদা চেয়েছেন কি না, তা আমার জানা নেই।’