চাঁদা না পেয়ে ভাঙচুর, ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা
কক্সবাজারের টেকনাফে আনোয়ার কামাল (২৪) নামের এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় তাঁর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার পর তাঁকে অপহরণের চেষ্টাও করা হয়। হামলার ঘটনায় ওই ব্যবসায়ীসহ তাঁর পরিবারের ছয় সদস্য আহত হয়েছে।
আজ শুক্রবার টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়া ও পৌরসভার ৪২ বিজিবি রোড এলাকায় এসব ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আনোয়ার কামাল (২৪), সিরাজুল ইসলাম (৩৫), গোল ফরাজ (২৬), নজরুল ইসলাম (২৯), মো. ইসমাইল (১৫) ও গোল মেহের (৬৫)।
আনোয়ার কামালের ভাই সিরাজুল ইসলামের দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি রোডের স্থানীয় বাসিন্দা মো. কালুর নেতৃত্বে একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আনোয়ার কামালের কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় আজ ভোররাতে কালুর নেতৃত্বে হেলাল উদ্দিন, আবদুল হাকিম, সামশুল আলম, ইয়াকুব মিয়া, ছালামত উল্লাহ, আনছার উল্লাহসহ আরও তিন-চারজন ব্যক্তি আনোয়ার কামালের পল্লানপাড়ার বাড়িতে হামলা চালায়। এ সময় আনোয়ার বাড়িতে ছিলেন না। হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে আনোয়ারের পরিবারের লোকদের মারধর করে। তারা আলমারি ভেঙে সাত ভরি স্বর্ণালংকার ও সাড়ে ছয় হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত ব্যক্তিদের আর্তনাদ শুনে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে ৪২ বিজিবি রোডে অবস্থিত আনোয়ার কামালের ব্যবসাপ্রতিষ্ঠান বিছমিল্লাহ স্টোরে গিয়ে তাঁকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে ব্যর্থ হয়ে দোকানটিতে ব্যাপক ভাঙচুর চালিয়ে ড্রয়ারে থাকা ছয় লাখ ২৫ হাজার টাকা লুট করে এবং আনোয়ারকে পিটিয়ে জখম করে তারা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় আনোয়ারকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আনোয়ার কামালের বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে কালুকে প্রধান আসামি করে মামলা দায়ের করতে চাইলে পুলিশ মামলা নেয়নি। এটি অভিযোগ হিসেবে গ্রহণ করে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
সিরাজুল ইসলাম জানান, ২০১২ সালের ২২ জুন চাঁদা দাবির অভিযোগে টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।