চাঁদা না পেয়ে অধ্যক্ষকে যুবলীগের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমজাদ হোসেনকে কার্যালয়ে লাঠিপেটা করেছেন স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা। চাঁদা না পেয়ে সোমবার বিকেলে তাঁরা অধ্যক্ষকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ বাদী হয়ে যুবলীগের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা হলেন মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, আশরাফ আলী, লিটন হোসেন, জাহাঙ্গীর আলম, আমির হোসেন ও রবিউল করিম।
মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার বিকেলে মৌখাড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, গোয়ালফা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও যুবলীগের কর্মী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক অধ্যক্ষের কার্যালয়ে ঢোকেন। তাঁরা মাদ্রাসার তিনটি পদে জনবল নিয়োগ ও একটি চারতলা ভবন নির্মাণ বাবদ তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা জানালে ওই যুবকেরা লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। তিনি অচেতন হয়ে পড়ে গেলে যুবকেরা চলে যান। পরে অন্য শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক মলয় কুমার ভৌমিক বলেন, অধ্যক্ষের শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একজন শিক্ষক বলেন, সম্প্রতি মাদ্রাসার তিনটি পদে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে এখানে একটি ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ছয় মাস আগে আওয়ামী লীগের সাংসদ আবদুল কুদ্দুস এ
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব কাজের জন্য ওই যুবকেরা চাঁদা দাবি করে আসছিলেন। অধ্যক্ষ চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়েছে। এ অবস্থায় শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যুবলীগের নেতা মাসুদ পারভেজ বলেন, ‘চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। স্থানীয় ছেলেদের সঙ্গে বিরোধ হওয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।