চাঁদা না পেয়ে আটটি বাড়িতে হামলা, লুটপাট
পিরোজপুরের সদর উপজেলার ধুলিবাড়ী গ্রামের আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত রোববার রাত আটটা থেকে দুইটা পর্যন্ত এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলার তেজদাসকাঠি গ্রামের চান খানের ছেলে আমিন খান (২৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছেন। সম্প্রতি তিনি পাশের ধুলিবাড়ী গ্রামের কয়েকটি পরিবারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে রোববার রাত আটটার দিকে আমিনের নেতৃত্বে ১০-১৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে গ্রামের শাহ আলম শেখ, রফিক শেখ, মতি শেখ, সোবাহান শেখের বাড়িসহ আট বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আটটি বাড়ির অন্তত ২০টি ঘরে লুটপাট চালিয়ে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এরপর তারা শাহ আলম শেখের বাড়ির বেড়ায় আগুন ধরিয়ে দেয়। হামলায় ওই সব বাড়ির কয়েকজন শিশু ও নারী আহত হন।
ধুলিবাড়ী গ্রামের রফিক শেখ বলেন, হামলা ও লুটপাটের সময় দুর্বৃত্তরা নারীদের শ্লীলতাহানি করেছে।
গৃহবধূ নাসিমা বেগম বলেন, ‘নারীদের শ্লীলতাহানির সময় বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় চেপে ধরে।’
কদমতলা ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান আবদুস সালাম শেখ জানান, আমিন ও তাঁর সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকার মানুষ জিম্মি। সরকারদলীয় নেতাদের ছত্রচ্ছায়ায় আমিন মাদক ব্যবসা ও চাঁদাবাজি করছেন। রোববার রাতে এলাকাবাসী থানায় খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি।
কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান বলেন, ‘আমিনকে আওয়ামী লীগের কোনো নেতা প্রশ্রয় দেননি। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিষয়ে আমি পুলিশের কাছে কয়েকবার অভিযোগ করেছি। পুলিশকে জানানোর পরও তাঁকে গ্রেপ্তার করা হয়নি।’
সদর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আবদুল মালেক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।