চাঁদা না পেয়ে ওষুধের দোকানে আগুন
রাজশাহীর বাগমারা উপজেলায় এক পল্লিচিকিৎসকের কাছ থেকে চাঁদার পুরো টাকা না পাওয়ায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শুক্রবার রাতে ওই পল্লিচিকিৎসক বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় এজাহার দিলেও পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করেনি। থানায় দেওয়া এজাহার ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উপজেলার কাষ্টনাংলা গ্রামের পল্লিচিকিৎসক মমতাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই গ্রামের সরদারের মোড়ে ওষুধের দোকান করছেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় গোলাম মোস্তফা, আবু সাইদ, লোকমান আলী ও শুকুর আলী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা তাঁর দোকানঘর পুড়িয়ে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দেন। নিরুপায় হয়ে তিনি তাঁদের ৫০ হাজার টাকা দেন। বাকি ৫০ হাজার টাকা দিতে অপারগতা জানালে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রাতেই তাঁরা মমতাজুলের ওষুধের দোকানঘর জ্বালিয়ে দেন।মমতাজুল ইসলাম বলেন, আসামিরা একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকায় পুলিশ মামলা নিতে টালবাহানা করছে।