চাঁদা না পেয়ে কর্মীর হাত-পা ভাঙল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার একটি সড়ক নির্মাণে চাঁদা না পেয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক এক কর্মীর হাত-পা ভেঙে দিয়েছেন সংগঠনের কর্মীরা। গত রোববার সোনারগাঁর পানামনগরে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের আহত কর্মী রাশেদুল হাসান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তাঁর বড় বোন যুবলীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক উপসম্পাদক নাসরিন সুলতানা ছাত্রলীগের ১০ কর্মীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কের নির্মাণকাজের ঠিকাদারি পান রাশেদুল হাসান। কাজটি পাওয়ার পর থেকে উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াদ মিয়া, সোহাগ রনি, আদর হোসেন, মফু মিয়া, আল আমিন, আলমগীর হোসেন, সজীব মিয়া বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে ছাত্রলীগের ওই কর্মীদের নেতৃত্বে ২০/২৫ জন গত রোববার দুপুরে পানামনগরে চাপাতি, চায়নিজ কুড়াল, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাশেদুলকে কুপিয়ে জখম করেন এবং তাঁর হাত-পা ভেঙে দেন। রাশেদুলের বড় বোন ও যুবলীগের নেতা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের ক্যাডাররা তাঁর ভাইয়ের হাত-পায়ের হাড় ভেঙে দিয়েছে। বর্তমানে তাঁর ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন।যোগাযোগ করলে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ বলেন, ‘রাশেদুল হাসানের ওপর হামলার ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই। হামলাকারীদের শাস্তি হওয়া উচিত।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।