চাঁদা না পেয়ে কলেজে তালা দিলেন ছাত্রলীগের নেতা
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে রাজীম গতকাল সোমবার কলেজের একাডেমিক ভবনে তালা মেরে দিয়েছেন৷
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীপ্রতি ৩০০ টাকা হারে চাঁদা দাবি করে না পেয়ে তিনি এ কাণ্ড ঘটান। এতে ভর্তি কার্যক্রম প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল এবং শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ ছিলেন৷
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ সফিক উদ্দিন বিকেলে রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ এতে রাজীম ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত ওরফে রিয়াদকে অভিযুক্ত করা হয়।
থানায় দেওয়া অধ্যক্ষের অভিযোগ ও কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কলেজের একাদশ শ্রেণিতে গতকাল সোমবার ভর্তি কার্যক্রম শুরু হয়। সকাল ১০টার দিকে একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষে শিক্ষকেরা ভর্তি কার্যক্রম শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে রাজীম কয়েকজন সহযোগী নিয়ে শিক্ষকদের ভর্তি কার্যক্রম বন্ধ করতে বলেন। এ সময় তিনি শিক্ষার্থীপ্রতি ভর্তিতে অতিরিক্ত ৩০০ টাকা করে আদায় করতে শিক্ষকদের চাপ প্রয়োগ করেন।
কলেজ কর্তৃপক্ষ এতে অস্বীকৃতি জানালে তাঁরা শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন।
পরে রাজীম কলেজের কলাপসিবল গেটে তালা মেরে দেন। এতে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুিলশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটকে দেওয়া তালা ভেঙে ফেলে৷
তবে রাজীম ভর্তিতে শিক্ষার্থীপ্রতি ৩০০ টাকা করে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কলেজে অনেক গরিব শিক্ষার্থী ভর্তি হয়েছে। মানবিক কারণে তাদের কাছ থেকে ৫০০ টাকা করে নিতে আমি অনুরোধ করি। অধ্যক্ষ অনুরোধ না মানায় দলীয় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে তালা মেরে দেয়।’
ভর্তি হওয়া শিক্ষার্থী মো. ফয়সাল ও ওমর ফারুক বলেন, ‘ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ; কলেজ কর্তৃপক্ষের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কিন্তু আমাদের ছাত্রনেতারা এখন ব্যতিক্রম। ছাত্রলীগের নেতারা উল্টো শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে পকেট ভারী করতেই তৎপর। তাঁদের রাজনীতি শিক্ষার্থীকেন্দ্রিক নয়।’
অধ্যক্ষ বলেন, ‘একাদশ শ্রেণিতে সরকার-নির্ধারিত এক হাজার টাকা ভর্তি ফি ধার্য করা হয়। ছাত্রলীগের নেতা রাজীম আরও ৩০০ টাকা হারে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে তাকে দিতে বলে। তার অন্যায় প্রস্তাবে আমরা রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে কলেজে তালা মেরে দেয়। তা ছাড়া সে এই কলেজের শিক্ষার্থীও নয়, বহিরাগত।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। অধ্যক্ষের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’