চাঁদা না পেয়ে কাজ বন্ধ করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা চেয়ে না পেয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক আওয়ামী লীগ নেতা একটি কমিউনিটি ক্লিনিকের ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাঁচ দিন ধরে ওই কাজ বন্ধ রয়েছে।
এলাকাবাসী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, উপজেলার চর আদ্রা কমিউনিটি ক্লিনিকের ভবন নির্মাণের জন্য কমিউনিটি ক্লিনিক প্রকল্প থেকে ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহীম খলিল এন্টারপ্রাইজ কার্যাদেশ পেয়ে গত সপ্তাহে ভবন নির্মাণকাজ শুরু করে। নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে সাতপোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদ্রা গ্রামের রবিউল ইসলাম ঠিকাদারের কাছে ৩০ হাজার টাকা চাঁদা চেয়ে আসছিলেন। চাঁদা না পাওয়ায় গত মঙ্গলবার আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ও তাঁর লোকজন ভবন নির্মাণের কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেন।
চর আদ্রা গ্রামের বাসিন্দা বখতিয়ার রহমান সরকার জানান, চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ নেতা রবিউল ও তাঁর লোকজন হাসপাতালের কাজ বন্ধ করে দিয়েছেন।
রবিউল ইসলাম দাবি করেন, ‘নিম্নমানের কাজ করায় আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আমি বা আমার লোকজন চাঁদা দাবি করিনি।’ সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, নিম্নমানের কাজ করায় তাঁদের দলের নেতা-কর্মীরা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। কেউ চাঁদা চায়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহীম খলিল এন্টারপ্রাইজের মালিক জামাল উদ্দিন জানান, পাঁচ দিন ধরে তাঁর নির্মাণকাজ বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো. আসাদুজ্জামান বলেন, ‘ঠিকাদার আমাকে বলেছেন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম তাঁর কাছে চাঁদা দাবি করছেন।’ তিনি অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় কমিউনিটি ক্লিনিকের ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।